নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গোয়েন্দা সংস্থা ডিজিএফআই-এর সদস্য পরিচয় দিয়ে এক চেয়ারম্যান পদপ্রার্থীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ জুলাই) সকালে উপজেলার ছোট সাদিপুর এলাকার ‘পানাম ফুড পার্ক’ থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন শরীয়তপুরের সখিপুর উপজেলার মৃধাকান্দি গ্রামের দেলোয়ার হোসেন ওরফে মুন্না (৪৩) এবং নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নানাখি এলাকার বাসিন্দা আবিদ মাহমুদ আকাশ (২৯)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মো. আতাউর রহমানের কাছে চক্রটি মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিল। অভিযোগ অনুযায়ী, গত ১৩ জুলাই রাত পৌনে ৯টার দিকে অভিযুক্তরা আতাউর রহমানকে পানাম ফুড পার্কে ডেকে নেন। সেখানে তারা নিজেদের ডিজিএফআই সদস্য হিসেবে পরিচয় দিয়ে চেয়ারম্যান প্রার্থীকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখাতে থাকেন।
তারা তাকে ‘দুর্নীতিবাজ, চাঁদাবাজ ও ভূমিদস্যু’ হিসেবে আখ্যায়িত করে ডিজিএফআই সদর দপ্তরে নেতিবাচক প্রতিবেদন দেওয়ার হুমকি দেন। এর বিনিময়ে তারা আতাউর রহমানকে ৫ লাখ টাকা চাঁদা দিতে বাধ্য করার চেষ্টা করেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান তাৎক্ষণিকভাবে সোনারগাঁ থানা পুলিশকে অবহিত করেন।
মঙ্গলবার পুলিশ ওই স্থানে অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের পরিচয় প্রকাশ করেন এবং কোনো গোয়েন্দা সংস্থার সদস্য নন বলে স্বীকার করেন।
সোনারগাঁ থানার ওসি গোলাম সারোয়ার জানান, ভুয়া পরিচয় দিয়ে ভয়ভীতি প্রদর্শন ও চাঁদাবাজির অভিযোগে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে তাদের আদালতে সোপর্দ করা হবে।
নিজেদের প্রভাব খাটিয়ে সাধারণ মানুষ ও প্রার্থীদের হয়রানি করার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।


