চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভা সিটি সেন্টারের সামনে আজ এক অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার শিকার হয়েছে ত্রাণ বিতরণ অনুষ্ঠান।
শুক্রবার (১৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে অর্থমন্ত্রী আমির খসরু অনুষ্ঠানস্থলে পৌঁছালে অতিরিক্ত মানুষের চাপে মঞ্চ ধসে পড়ে। এ সময় মঞ্চে উপস্থিত অর্থমন্ত্রীসহ চট্টগ্রাম দক্ষিণ জেলার শীর্ষ নেতৃবৃন্দ নিচে পড়ে যান।
অনুষ্ঠানস্থলে অর্থমন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য জসীম উদ্দীন আহমদ, পটিয়ার সংসদ সদস্য এনামুল হক, বোয়ালখালীর সংসদ সদস্য এরশাদ উল্লাহসহ দক্ষিণ চট্টগ্রামের গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতৃবৃন্দ।
প্রত্যক্ষদর্শীরা জানান, মন্ত্রী গাড়ি থেকে নেমে হেঁটে মঞ্চে ওঠার পরপরই ধারণক্ষমতার চেয়ে বেশি মানুষের চাপে মঞ্চটি হঠাৎ ধসে পড়ে। এতে অর্থমন্ত্রীসহ মঞ্চে থাকা নেতৃবৃন্দ নিচে পড়ে যান। সৌভাগ্যবশত কোনো বড় ধরনের দুর্ঘটনা না ঘটলেও মন্ত্রী দ্রুত স্থান ত্যাগ করে সাতকানিয়ার উদ্দেশে রওনা দেন।
এদিকে, মন্ত্রী চলে যাওয়ার পরপরই ত্রাণ সামগ্রী বিতরণের সময় উপস্থিত হাজারো মানুষের মধ্যে চরম বিশৃঙ্খলা ও হুড়োহুড়ি শুরু হয়। ত্রাণ নিতে আসা সাধারণ মানুষের ঠেলাঠেলিতে পাঁচ নারীসহ ১০ জন আহত হয়েছেন। বর্তমানে আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। আহতদের মধ্যে রয়েছেন মোহাম্মদ আইয়ুব (৬০), খাইরুন্নেসা (৫০), রুবি আক্তার (৩০), আয়েশা আক্তার (৫৮) ও রাশেদা আক্তারসহ (৬০) আরও পাঁচজন।
ঘটনার বিষয়ে চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রহমান বলেন, মন্ত্রী উপস্থিত থাকায় জনসমাগম স্বাভাবিকের চেয়ে অনেক বেশি ছিল। অতিরিক্ত চাপের কারণেই মূলত মঞ্চটি ধসে পড়েছে। তবে এতে বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি হয়নি।

