ঢাকা শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

গাকৃবিত জাপানি ভাষা শিক্ষা কোর্সের যাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
প্রকাশিত: জুলাই ১৭, ২০২৬, ০৬:৩৪ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

শিক্ষার্থীদের আন্তর্জাতিক যোগাযোগ দক্ষতা, কর্মসংস্থানের সম্ভাবনা এবং বৈশ্বিক পরিসরে প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) প্রথমবারের মতো জাপানি ভাষা শিক্ষার উপর তিন মাসব্যাপী বেসিক ও জাপানিজ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট (জেএলপিটি) কোর্সের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে গাকৃবির ল্যাঙ্গুগুয়েজ অ্যান্ড পার্সোনাল ডেভেলপমেন্ট ক্লাব (জিএইউ-এলপিডিসি) এর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের পুরাতন অডিটোরিয়ামে জাপানি ভাষা শিক্ষা কোর্সের এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। ছাত্রবিষয়ক পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ শরীফ রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ।

এছাড়াও উপস্থিত ছিলেন নব-প্রবর্তিত জাপানি ভাষা শিক্ষা কোর্সের কোর্স ইন্সট্রাক্টর প্রফেসর ড. মো. আমজাদ হোসেন। কোর্সটির প্রথম ব্যাচে প্রাথমিকভাবে নিবন্ধনকারী ৩৫ জন শিক্ষার্থী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রফেসর ড. মোহাম্মদ শরীফ রায়হান।

এরপর কোর্স ইনস্ট্রাক্টর প্রফেসর ড. মো. আমজাদ হোসেন জাপানি ভাষা শিক্ষা কোর্সের পাঠক্রম, শিক্ষণ পদ্ধতি, মূল্যায়ন প্রক্রিয়া এবং ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, ভাষাগত দক্ষতা অর্জনের মাধ্যমে শিক্ষার্থীরা উচ্চশিক্ষা, গবেষণা, আন্তর্জাতিক বৃত্তি এবং জাপানে কর্মসংস্থানের নতুন সুযোগ গ্রহণে আরও সক্ষম হয়ে উঠবে।

পরে গাকৃবি ল্যাঙ্গুগুয়েজ অ্যান্ড পার্সোনাল ডেভেলপমেন্ট ক্লাবের ভাইস-প্রেসিডেন্ট সাজ্জাতুল ইসলাম শাওন ক্লাবের পূর্ববর্তী কার্যক্রম তুলে ধরেন এবং ভবিষ্যতে বিভিন্ন আন্তর্জাতিক ভাষা শিক্ষা, সফট স্কিল উন্নয়ন ও ব্যক্তিত্ব বিকাশমূলক কর্মসূচি বাস্তবায়নের রূপরেখা উপস্থাপন করেন।

বিশেষ অতিথির বক্তব্যে ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ বর্তমান বিশ্বে ভাষাগত দক্ষতার গুরুত্বের উপর বক্তব্য রাখেন। পরে প্রধান অতিথি হিসেবে জাপানি ভাষা শিক্ষা কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। 

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, আজকের বিশ্বে কেবল অ্যাকাডেমিক সাফল্যই যথেষ্ট নয়, আন্তর্জাতিক ভাষা, আন্তঃসাংস্কৃতিক যোগাযোগ এবং বৈশ্বিক দৃষ্টিভঙ্গিও সমান গুরুত্বপূর্ণ। জাপানি ভাষা শিক্ষা আমাদের শিক্ষার্থীদের জন্য নতুন জ্ঞান, গবেষণা, প্রযুক্তি, উচ্চশিক্ষা এবং কর্মসংস্থানের অসংখ্য সুযোগ সৃষ্টি করবে। আমি বিশ্বাস করি, এই উদ্যোগ গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়কে আরও আন্তর্জাতিকমুখী করে তুলবে এবং আমাদের শিক্ষার্থীরা ভবিষ্যতে বিশ্বমঞ্চে নিজেদের যোগ্যতা ও মেধার স্বাক্ষর রাখবে।

আমন্ত্রিত অতিথিবৃন্দ, শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে গ্রুপ ফটো-সেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এ উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনার এক দিগন্ত উন্মোচন করবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।