ঢাকা শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

কাভার্ডভ্যান ভাড়া নিয়ে আত্মসাৎ, যুবলীগ নেতা গ্রেপ্তার

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: জুলাই ২৪, ২০২৬, ০৭:৪৭ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

চট্টগ্রামে ভাড়া নেওয়ার পর ছয়টি কাভার্ডভ্যান আত্মসাতের অভিযোগে জামাল উদ্দিন আহমেদ চৌধুরী নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৪ জুলাই) নগরের লালখান বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় আত্মসাত করা একটি কাভার্ডভ্যান উদ্ধার করা হয়েছে।

কোতোয়ালি থানা পুলিশ জানায়, সিএন্ডএফ প্রতিষ্ঠান ফ্যাক্ট লজিস্টিকস-এর মালিকানাধীন ছয়টি কাভার্ডভ্যান আত্মসাতের ঘটনায় গত ১২ মে একটি মামলা দায়ের করা হয়। মামলার তদন্তে জামাল উদ্দিন আহমেদ চৌধুরীর সম্পৃক্ততার তথ্য পাওয়ার পর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) কাজী মনিরুল করিম জানান, শুক্রবার সকালে অভিযান চালিয়ে আত্মসাত হওয়া একটি কাভার্ডভ্যান উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলছে। তাদের গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদের মাধ্যমে বাকি পাঁচটি কাভার্ডভ্যান উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, আত্মসাত হওয়া ছয়টি কাভার্ডভ্যানের আনুমানিক মূল্য প্রায় দুই কোটি টাকা। ব্যবসায়ী সাইফুল ইসলাম নিটল মোটরস থেকে কিস্তিতে গাড়িগুলো কিনেছিলেন। সব কিস্তি পরিশোধ করা হয়েছে এবং প্রতিষ্ঠানটির কাছে কোনো বকেয়া নেই।

এদিকে, পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া জামাল উদ্দিন আহমেদ চৌধুরীর বিরুদ্ধে জুলাই-২৪-এর নাশকতা ও হত্যার অভিযোগে মামলা রয়েছে। এছাড়া, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের যুগ্ম সম্পাদক থাকা অবস্থায় ও পরবর্তীতে যুবলীগ নেতার পদ ব্যবহার করে চট্টগ্রাম বন্দর থেকে চোরাই পণ্য বের করার একটি সিন্ডিকেটের সঙ্গে তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে আইনানুগ তদন্ত ও বিচারিক প্রক্রিয়া চলমান।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জায়েদ নূর বলেন, একটি আত্মসাৎ মামলায় জামাল উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে অন্য কোন মামলা থাকলে সেগুলোর বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।