ময়মনসিংহে দুই হাজার ৫৫ পিস ইয়াবাসহ দুই হিজড়া মাদক কারবারিকে গ্রেপ্তার করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
গ্রেপ্তারকৃতরা হলেন, সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানা এলাকার মো. আব্দুল মতিনের ছেলে কাঁলাচান মিয়া ওরফে সুরভী (২৬), নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার আব্দুল আজিদের ছেলে রতন মিয়া ওরফে রতনা (৪৯)।
শুক্রবার (২৪ জুলাই) জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর উপ-পরিদর্শক মো. আল মসুদ বাদি হয়ে কোতোয়ালি মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করেন। মামলার পর বিকালে তাদের আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর উপ-পরিদর্শক মো. আল মসুদ বলেন, মাদকের বিরুদ্ধে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করে আসছি। অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর শম্ভুগঞ্জ চর পুলিয়ামারী এলাকায় অভিযান পরিচালনা করে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের তল্লাশি করে দুই হাজার ৫৫ পিস ইয়াবাসহ উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন যাবত বিভিন্ন কৌশলে মাদকের চালান দেশের বিভিন্ন জেলায় পাচার করে আসছেন।

