ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকারের অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৬, ০৪:২১ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

চুয়াডাঙ্গায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান অভিযান পরিচালনা করেছেন। এ সময় দুটি প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে এই অভিযান অনুষ্ঠিত হয়।

মোহাম্মদ মামুনুল হাসান জানান, চুয়াডাঙ্গা পৌরসভার দৌলতদিয়াড়া ও রেলগেট বাজার এলাকায় রোববার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত তদারকিমূলক অভিযান চালানো হয়। এ সময় বেকারিতে ব্যবহৃত ডালডাতে মরা ইঁদুর, মেয়াদ উত্তীর্ণ ফ্লেভার ব্যবহার এবং অগ্রিম বেকারি পণ্য তৈরি করে আজকের তারিখ দেওয়া হয়েছে, এমন অভিযোগে মেসার্স মৌসুমী ফুড প্রোডাক্টস-এর স্বত্বাধিকারী মো. সাইদুর রহমানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪৩ ও ৫১ ধারায় এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া মেয়াদ উত্তীর্ণ পাউরুটি পুনরায় নতুনভাবে প্যাকেটজাত করার কারণে অন্যানা ফুড প্রোডাক্টস-এর স্বত্বাধিকারী মো. সাইদুল ইসলামকে ৫১ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি দ্রুততম সময়ে সমস্যাগুলো সমাধান করে কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।

পবিত্র মাহে রমজান উপলক্ষে হোটেল, সেমাই ও মসলার মিলেও তদারকি করা হয়েছে। এ সময় মানসম্মত পণ্য বিক্রি, মেয়াদ উত্তীর্ণ ও মানহীন পণ্য বিক্রি না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।

অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সজীব পাল, ক্যাব প্রতিনিধি জনাব রফিকুল ইসলাম এবং জেলা পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা করেছেন। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।