মিয়ানমারে অবৈধভাবে পণ্য পাচারের সময় ২২ পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় বিপুল পরিমাণ সিমেন্ট ও বাংলাদেশি পণ্যও জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাত ১১টায় কোস্টগার্ড জাহাজ জয় বাংলা সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ থেকে দক্ষিণ-পূর্বসংলগ্ন সমুদ্র এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালীন সন্দেহজনক দুটি ফিশিং বোট তল্লাশি করা হলে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ১০ লাখ ৭৪ হাজার টাকা মূল্যের ১৩০০ বস্তা সিমেন্ট ও ৭ হাজার ২০০ প্যাকেট মশার কয়েলসহ ২২ পাচারকারীকে আটক করা হয়।
জব্দকৃত মালামাল, পাচারের কাজে ব্যবহৃত বোট এবং আটক ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও জানান, পাচার ও চোরাচালান রোধে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


