নিজ সংসদীয় আসন চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরীতে দুই দিনের সফরে এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে এলাকাবাসীর উদ্দেশে বলেন, বিদেশে থাকার কারণে বন্যার সময় আসতে পারিনি। সে জন্য আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি।
আপনারা আমাকে ক্ষমা করে দিয়েছেন? এমন প্রশ্ন করে তিনি বলেন, সরকার সব সময় আপনাদের পাশে আছে।
শুক্রবার (১৭ জুলাই) দুপুরে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়ন এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে নিজ সংসদীয় আসনের মানুষের উদ্দেশে তিনি আরও বলেন, বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে। দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে। বন্যাদুর্গত ও ক্ষতিগ্রস্ত এলাকায় সরকারিভাবে জরিপ চলছে। জরিপের ভিত্তিতে বন্যাদুর্গত মানুষের সহায়তায় সরকারি ও বেসরকারি উদ্যোগ অব্যাহত রয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের যেসব এলাকা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব এলাকায় সরকারের পক্ষ থেকে জরিপ কার্যক্রম পরিচালিত হচ্ছে। জরিপ শেষে ক্ষতিগ্রস্ত সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, বেড়িবাঁধসহ বিভিন্ন অবকাঠামোর পুনর্বাসন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, যাতে তারা দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারেন।
ত্রাণ বিতরণ শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ চকরিয়া পৌরসভার কোচপাড়ায় মাতামুহুরী নদীর পানির স্রোতে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা, উপজেলার লক্ষ্যাচর, কাকারা, সুরাজপুর, হারবাং ও বরইতলিতে ত্রাণ বিতরণ করেন। তিনি ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের দুর্ভোগের কথা শোনেন। পাশাপাশি সংশ্লিষ্ট প্রশাসনকে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
এ সময় বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মো. আশরাফুজ্জামান সিদ্দিকী, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য শামিম আরা স্বপ্না, বিজিবির কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকসার খান, বিজিবির কক্সবাজার সেক্টর কমান্ডার কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ, কক্সবাজারের জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান, কক্সবাজারের পুলিশ সুপার মো. সাজেদুর রহমান, কক্সবাজার জেলা পরিষদের প্রশাসক এ টি এম নুরুল বশর চৌধুরী, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিন দেলোয়ার, প্রশাসনের পদস্থ কর্মকর্তাসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের আগামীকাল পেকুয়া ও মাতামুহুরী উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন এবং ত্রাণসামগ্রী বিতরণের কথা রয়েছে।

