কেন্দ্র দখলের চেষ্টা করলে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের প্রধান সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে এনসিপির মনোনীত প্রার্থী হাসনাত আব্দুল্লাহ।
তিনি বলেন, যারা কেন্দ্র দখলের পরিকল্পনা করছে, তারা কখনোই সফল হতে পারবে না। যারা ভোট চুরির ষড়যন্ত্র করছে, তাদের সেই অপচেষ্টা ব্যর্থ হবে। কেউ কেন্দ্র দখল করতে এলে আমরা জনসাধারণকে সঙ্গে নিয়ে তাদের প্রতিহত করব।
শনিবার (১০ জানুয়ারি) দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ইউছুফপুর ইউনিয়নে ভারতীয় আগ্রাসনবিরোধী পদযাত্রা উপলক্ষে আয়োজিত এক উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি।
হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, হারাম পথে শুরু করে কখনো হালাল কাজ করা যায় না। তাই তিনি জনগণের উদ্দেশে বলেন, অতীতে যারা দুর্নীতির সঙ্গে জড়িত ছিল, দেবিদ্বারের বিভিন্ন মামলার আসামি ছিল, ঋণ খেলাপি ছিল বা এখনো দুর্নীতিতে জড়িত—তাদের বিষয়ে আপনারা ভালোভাবেই অবগত।
তিনি বলেন, যারা এক সময় ট্রান্সমিটার চুরি করেছে, মিটার চুরি করেছে, ব্যাংকের টাকা আত্মসাৎ করেছে, তারাই আজ ভোট চুরির প্রস্তুতি নিচ্ছে। আমরা কোনোভাবেই ভোট চুরি হতে দেব না।
এর আগে শনিবার সকাল থেকে দেবিদ্বার উপজেলার ইউছুফপুর ইউনিয়নের নবীপুর বাজার, এগারোগ্রাম, মুকসাইর গ্রাম, যুক্তগ্রাম ও পৈরাংকুল গ্রামসহ বিভিন্ন এলাকায় আগ্রাসনবিরোধী পদযাত্রায় অংশ নেন হাসনাত আব্দুল্লাহ। এ সময় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন