রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডে নিহত কাজী ফজলে রাব্বী, তার স্ত্রী ও সন্তানের মরদেহ কুমিল্লায় আনা হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে ঢাকায় প্রথম জানাজা শেষে তাদের কুমিল্লা শহরের নানুয়ার দিঘীরপাড় এলাকার বাসভবনে নেওয়া হয়।
নিহতরা হলেন- কুমিল্লা নগরীর নানুয়ার দিঘীর পশ্চিম পাড়ের বাসিন্দা কাজী ফজলে রাব্বী (৩৭), তার স্ত্রী আফরোজা বেগম সুবর্ণা (৩০) এবং তাদের তিন বছর বয়সী সন্তান কাজী ফায়াজ রিশান।
শুক্রবার রাতেই কুমিল্লা নগরীর দারোগা বাড়ি মাজার প্রাঙ্গণ ও সংলগ্ন জামে মসজিদে তাদের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।
একমাত্র ছেলে, পুত্রবধূ ও নাতির নিথর দেহ দেখে রাব্বীর বাবা কাজী খোরশেদুল আলম ও মা ফেরদৌস আরা শোকে বাকরুদ্ধ হয়ে পড়েন।
পারিবারিক সূত্র জানায়, আজ (শনিবার) সকালে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া কাজী বাড়ির পারিবারিক কবরস্থানে তাদের দাফন সম্পন্ন করা হবে।
উল্লেখ্য, ফেরদৌস আরা কুমিল্লার নবাব ফয়জুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক এবং বর্তমানে তিনি দেবিদ্বার গার্লস হাইস্কুলে কর্মরত রয়েছেন।
-20260117022839.webp)

