ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

‘প্রতিদ্বন্দ্বী দল ভারতের সঙ্গে গোলামির চুক্তি করে ক্ষমতায় যেতে চায়’

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৬, ০৬:০১ পিএম
হ্যাঁ ভোটের পক্ষে আয়োজিত প্রথম সমাবেশে। ছবি : রূপালী বাংলাদেশ

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেছেন, প্রতিদ্বন্দ্বী দলের প্রধান ভারতের সঙ্গে গোলামির চুক্তি করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে। তিনি অভিযোগ করেন, ভারতের একটি প্রভাবশালী গণমাধ্যমে প্রকাশিত সংবাদের মাধ্যমে বিষয়টি স্পষ্ট হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের ছুপুয়া এলাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীক ও ‘হ্যাঁ’ ভোটের পক্ষে আয়োজিত প্রথম সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. তাহের বলেন, ‘১০ দলীয় জোট এখন একটি বৃহৎ জাতীয় জোটে পরিণত হয়েছে। এই জোটে রয়েছে স্বাধীনতা যুদ্ধের একমাত্র জীবিত বীর বিক্রম মুক্তিযোদ্ধা, ২৪-এর গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী ছাত্রসমাজের প্রতিনিধিরা এবং দেশের বড় বড় ইসলামিক দলসমূহ। আমরা যে দলই করি না কেন, দেশের উন্নয়ন ও ভবিষ্যতের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমাদেরকে নির্বাচিত করলে দেশের মানুষের জীবন ও সম্পদ নিরাপদ থাকবে। কোনো প্রতিহিংসা বা দমনমূলক রাজনীতি আমরা করব না।’

ভারতের আনন্দ বাজার পত্রিকায় প্রকাশিত সংবাদের উদ্ধৃতি দিয়ে ডা. তাহের অভিযোগ করেন, প্রতিদ্বন্দ্বী দলের প্রধান ভারতের সঙ্গে তিনটি শর্তে চুক্তি করেছে। 

শর্তগুলো হলো—ফ্যাসিবাদের সঙ্গে যুক্ত ব্যক্তিদের পুনর্বাসন করতে হবে। বাংলাদেশের আত্মরক্ষার জন্য অস্ত্র ক্রয়ের ক্ষেত্রেও ভারতের অনুমতি নিতে হবে। এ দেশের ইসলামপন্থি রাজনৈতিক দলগুলোকে দমন করতে হবে।

তিনি বলেন, ‘আনন্দ বাজার পত্রিকার পক্ষ থেকে আমাকে প্রশ্ন করা হয়েছিল—জামায়াত কি হিন্দুদের জায়গা দখল করেছে? আমি স্পষ্টভাবে বলেছি, এ দেশে অনেক জায়গা বেদখল হয়েছে ঠিকই, কিন্তু জামায়াতে ইসলামীর একজন কর্মীও হিন্দু সম্প্রদায়ের জায়গা দখল করেনি।’

তিনি আরও বলেন, বাস্তবতা হচ্ছে, ভারত যাদেরকে বন্ধু মনে করে তারাই এ দেশে সংখ্যালঘুদের সম্পদ লুটপাট করে।

সমাবেশে সভাপতিত্ব করেন চৌদ্দগ্রাম সরকারি কলেজের সাবেক জিএস খলিলুর রহমান মজুমদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য আবদুস সাত্তার, চৌদ্দগ্রাম উপজেলা আমির মাহফুজুর রহমান, সাবেক উপজেলা আমির ভিপি সাহাব উদ্দিন, পৌর আমির মাওলানা মো. ইব্রাহিম, উপজেলা সেক্রেটারি বেলাল হোসাইন এবং শিল্পপতি মহিউদ্দিন আহমেদ ভুঁইয়া নঈম।

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি ফরিদুজ্জামান রুবেল ও সাবেক ছাত্রনেতা কামরুজ্জামান নোমানের যৌথ সঞ্চালনায় সমাবেশে শুভেচ্ছা বক্তব্য রাখেন আড্ডা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মীর হারুনুর রশীদ, কালিকাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সালাহ উদ্দিন মজুমদার, হাজী রুহুল আমিন, শ্রীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোস্তফা নুরুজ্জামান খোকন, ছুপুয়া মাদরাসা পরিচালনা কমিটির সহসভাপতি আবুল খায়ের মজুমদারসহ স্থানীয়রা।

এ সময় কালিকাপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের জামায়াত ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।