ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

পঁচা রাজনীতিকে লালকার্ড দেখাবে জনগণ : ডা. শফিকুর রহমান

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৬, ১১:০৪ পিএম
জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। ছবি : সংগৃহীত

বাংলাদেশের জনগণ এবার পঁচা রাজনীতিকে লালকার্ড দেখাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, দেশে আর পঁচা রাজনীতির বন্দোবস্ত চলতে দেওয়া হবে না। বৈষম্য, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) দুপুর দেড়টায় কুমিল্লার দাউদকান্দি উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিশ্বরোড এলাকায় মডেল মসজিদ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ১১ দলীয় জোট আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জনসভাটি আয়োজন করা হয় কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের সংসদ সদস্য প্রার্থী মনিরুজ্জামান বাহলুলের সমর্থনে।

ডা. শফিকুর রহমান বলেন, বিগত দিনে সংবিধানের দোহাই দিয়ে দেশের ১৮ কোটি মানুষের ওপর জুলুম করা হয়েছে।সিন্ডিকেট ও চাঁদাবাজি এখনো বহাল রয়েছে।

তিনি অভিযোগ করেন, লাখ লাখ কোটি টাকা লুট করে বিদেশে পাচার করা হয়েছে। এসব আর চলতে দেওয়া হবে না।

তিনি বলেন, জামায়াতে ইসলামী বৈষম্যহীন, শান্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়তে চায়। এ দেশ মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান-সবার। সবাই মিলেমিশে ফুলের বাগানের মতো দেশ গড়ব। ধর্ম নয়, যোগ্যতা ও দেশপ্রেমই হবে রাষ্ট্র পরিচালনার মাপকাঠি।

দুর্নীতিবাজ ও মামলাবাজদের বিরুদ্ধে জনগণ আজ একাট্টা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সারাদেশে গণজোয়ার শুরু হওয়ায় একটি গোষ্ঠী দিশেহারা হয়ে সহিংস আচরণ করছে। মায়েদের নিরাপত্তার প্রশ্নে কোনো আপস করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, গণতন্ত্রের কথা বলে ফ্যাসিবাদী আচরণ করা যায় না। নিজের কথা বলার যেমন অধিকার আছে, তেমনি অন্যের কথাও শুনতে হবে-এটাই গণতন্ত্র।

তিনি প্রশ্ন রেখে বলেন, যারা সংস্কার মানে না, চরিত্র বদলায়নি এবং এখনো ফ্যাসিবাদী আচরণ করে, তাদের দিয়ে কি নতুন বাংলাদেশ গড়া সম্ভব? তিনি বলেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে হলে সাহসী ও আপসহীন শক্তিকে বেছে নিতে হবে, আর সে সাহস জামায়াতে ইসলামীর আছে।

যুবকদের উদ্দেশে তিনি বলেন, যুবসমাজ বেকারভাতার জন্য লড়াই করেনি; তারা যোগ্যতা অনুযায়ী কাজ পাওয়ার অধিকার চায়। জামায়াত যুবকদের দেশ গড়ার কারিগর হিসেবে গড়ে তুলবে বলে জানান তিনি।

স্বাস্থ্যখাত নিয়ে বক্তব্যে তিনি বলেন, গর্ভবতী মা ও পাঁচ বছর বয়স পর্যন্ত শিশুদের বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হবে। পাশাপাশি অবসরপ্রাপ্ত নাগরিকদের চিকিৎসার দায়িত্ব রাষ্ট্র নেবে বলেও আশ্বাস দেন।

বক্তব্য শেষে কুমিল্লা-১ আসনের ১১ দলীয় জোট প্রার্থী মনিরুজ্জামান বাহলুলের হাতে ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা তুলে দেন ডা. শফিকুর রহমান। এ সময় জনতা উচ্ছ্বাস প্রকাশ করে স্লোগান দেন।

জনসভায় সভাপতিত্ব করেন মনিরুজ্জামান বাহলুল। সঞ্চালনা করেন জামায়াতে ইসলামী কুমিল্লা উত্তর জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা মোশাররফ হোসেন।

আরও উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আমির অধ্যাপক আ. মতিন, ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহসহ দলীয় নেতৃবৃন্দ।