ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কুমিল্লায় পাঠানো খেজুরের তালিকা সংশোধন করল অধিদপ্তর

রূপালী ডেস্ক
প্রকাশিত: মার্চ ১১, ২০২৬, ০৯:৪১ পিএম
খেজুর। ছবি- সংগৃহীত

সৌদি আরবের পক্ষ থেকে উপহার হিসেবে পাওয়া খেজুরের তালিকা সংশোধন করেছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। সংশোধন করে কুমিল্লায় পাঠানো সংখ্যাটি ৫২০ থেকে ৫০০ করা হয়েছে। 

বুধবার (১১ মার্চ) বিষয়টি নিয়ে দেশজুড়ে তুমুল আলোচনা-সমালোচনার পর এই সংশোধন করা হয়।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ওয়েবসাইট সূত্রে জানা গেছে, সৌদি যুবরাজের পক্ষ থেকে বাংলাদেশে ১২ হাজার ৫০০ কার্টন খেজুর উপহার হিসেবে আসে বাংলাদেশে। গত ১ মার্চ সেসব খেজুর জেলাভিত্তিক বণ্ডনের জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের কাছে পাঠায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। অধিদপ্তরের ওয়েবসাইটে প্রথমে কুমিল্লায় মোট ৫২০ কার্টন খেজুর পাঠানো হয় বলে উল্লেখ করা হয়। কিন্তু জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয় ৫০০ কার্টন খেজুর বণ্টন করে জেলাজুড়ে। এ নিয়ে দেশের শীর্ষ গণমাধ্যমগুলোতে খবর প্রকাশিত হলে নড়েচড়ে বসে অধিদপ্তর। সন্ধ্যায় সংখ্যাটি সংশোধন করে ৫২০ থেকে ৫০০ করা হয়।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আবেদ আলী বলেন, আমাদের কাছে ৫০০ কার্টন খেজুর এসেছিল। আমরা সেগুলোই বণ্টন করেছি। অধিদপ্তর সংশোধন করে সেটি পরে ৫০০ কার্টনই করেছে।

তালিকা সংশোধন করা হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তালিকা সংশোধন না, এটা বরাদ্দটাই ৫০০ ছিল। এটাই সংশোধন করা হয়েছে।

উল্লেখ্য,মঙ্গলবার (১০ মার্চ) রাতে ফেসবুকে লাইভে এসে নিজ এলাকার কর্মকাণ্ডের হিসেব তুলে ধরেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। ওই লাইভে দেবিদ্বারে ৩৯ কার্টন খেজুর পাওয়ার বিষয়টি জানান তিনি। তার এই তথ্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে খেজুর নিয়ে তোলপাড় সৃষ্টি হলে বিষয়টি নিয়ে তুমুল আলোচনা শুরু হয়।