কুমিল্লার চৌদ্দগ্রাম পৌর এলাকায় পূর্ববিরোধের জেরে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
শনিবার (৪ এপ্রিল) রাত ১০টার দিকে সংঘর্ষ শুরু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, পৌরসভার উত্তর শ্রীপুর ও গোমারবাড়ি গ্রামের দুই পক্ষের মধ্যে বিরোধের সূত্রপাত গত ১৫ মার্চ। ওই দিন দুই গ্রামের যুবকদের মধ্যে প্রথম সংঘর্ষের ঘটনা ঘটে। এর জের ধরে গত বুধবার রাতে পৌরসভার দোয়েল চত্বর এলাকায় আবারও সংঘর্ষ হয়। তখনও মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এর ৭২ ঘণ্টা না পেরোতেই শনিবার রাতে দুই পক্ষ ফের সংঘর্ষে জড়ায়। সংঘর্ষ চলাকালে মহাসড়কে শতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানান। চার্জ লাইট জ্বালিয়ে দুই পক্ষ দীর্ঘ সময় সংঘর্ষ চালায়। এ সময় কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয়।
সংঘর্ষের কারণে সড়কের দুই পাশে প্রায় ২০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয় (রাত ১২টা পর্যন্ত প্রাপ্ত তথ্যমতে)।
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, উভয় পক্ষের অনেকেই আহত হয়েছেন।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু মোহাম্মদ কাউসার বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশের একাধিক দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন