কুমিল্লার মুরাদনগর উপজেলায় বিএনপি কর্মী মাওলা সরকার হত্যার সঙ্গে জড়িত প্রধান আসামি খোরশেদ আলমসহ বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে নিহত বিএনপি কর্মীর স্ত্রী ও সন্তানরা অংশ নেন।
রোববার (১২ এপ্রিল) দুপুরে উপজেলার কোম্পানীগঞ্জ-নবীনগর সড়কের বাঙ্গরা ডাকবাংলোর সামনে স্থানীয় এলাকাবাসী ও বিভিন্ন সামাজিক সংগঠনের আয়োজনে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে সহস্রাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন। এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। আধা ঘণ্টা পর থানা পুলিশ এসে হত্যা মামলার আসামিদের আটকের আশ্বাস দিলে তারা সড়ক ছেড়ে দেন। পরে বিচারের দাবিতে থানার সামনে গিয়ে অবস্থান নেন।
মানববন্ধন শেষে সমাবেশে বক্তারা বলেন, একজন বিএনপি কর্মীকে রাতের আঁধারে নির্মমভাবে হত্যা করা হলেও এখনো পর্যন্ত মূল আসামিরা গ্রেপ্তার হয়নি। নিহতের পাঁচটি শিশু সন্তান রয়েছে, যাদের বয়স ১ থেকে ১৩ বছরের মধ্যে।
বক্তারা আরও বলেন, এখানে শুধু একজনকে হত্যা করা হয়নি, খুন করা হয়েছে পুরো একটি পরিবারকে। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। তারা দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
মহেশপুর গ্রামের ফিরোজ মিয়া বলেন, এ ধরনের নৃশংস ঘটনা শুধু একটি পরিবারের ক্ষতি নয়, বরং পুরো সমাজের জন্য হুমকি। তাই আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাই।
মানববন্ধনে অংশগ্রহণকারী মাওলা সরকারের স্বজনরা বলেন, আমরা আমাদের প্রিয়জনকে হারিয়েছি। এখন আমরা শুধু হত্যাকারীদের বিচার চাই। দ্রুত গ্রেপ্তার না হলে আমরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।
উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে বাঙ্গরা বাজার থানাধীন মহেশপুর গ্রামের বিএনপি কর্মী মাওলা সরকারকে বাজার থেকে বাড়ি ফেরার পথে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। স্কিমের সেচ প্রকল্প নিয়ে পূর্ব বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে জানা যায়।
এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে মামলার প্রধান আসামি খোরশেদ আলমসহ ১০ জনকে এজাহারনামীয় এবং আরও ৫ জনকে অজ্ঞাত আসামি করে বাঙ্গরা বাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ওসি আবদুল কাদের বলেন, ‘মামলার এজাহারনামীয় ৯ নম্বর আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের আটকের অভিযান অব্যাহত রয়েছে।’

-20260412215711.webp)
-20260412205935.webp)
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন