ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কুমিল্লায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশিত: মে ৬, ২০২৬, ০১:১৪ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

কুমিল্লার চৌদ্দগ্রামে আনোয়ার হোসেন নয়ন (৩৫) নামে এক পান ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (৫ মে) গভীর রাতে উপজেলার জগন্নাথদিঘী ইউনিয়নের গাংরা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নয়ন একই ইউনিয়নের দক্ষিণ বেতিয়ারা গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে। তিনি গাংরা বাজারে পান ও জুতার ব্যবসা করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত আনুমানিক ১১টার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে দক্ষিণ বেতিয়ারা মসজিদের সামনে নয়নের গতিরোধ করে দুর্বৃত্তরা। এ সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে এবং মাথায় আঘাত করে গুরুতর আহত করে পালিয়ে যায় হামলাকারীরা।

পরে তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে চৌদ্দগ্রাম সরকারি হাসপাতালে এবং পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় নেওয়া হয়। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার পথে বুধবার ভোরে তার মৃত্যু হয়।

নিহতের বোন কহিনুর আক্তার জানান, ভাইয়ের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকদের পরামর্শে কুমিল্লা থেকে ঢাকায় নেওয়া হচ্ছিল। কিন্তু পথে সে মারা যায়।
নয়ন ব্যক্তিজীবনে স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে, মা ও ভাই-বোন রেখে গেছেন। তার মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

চৌদ্দগ্রাম থানার ওসি মোহাম্মদ আরিফ হোসাইন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্থানীয় একটি পক্ষের সঙ্গে জায়গা-সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ঢাকায় রয়েছে, ময়নাতদন্ত শেষে বিস্তারিত তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।