ফরিদপুরের সালথা উপজেলায় নিশীতলা মেলা উপলক্ষে এক যুগ পর অনুষ্ঠিত হলো গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা। দীর্ঘদিন পর এমন আয়োজন ঘিরে এলাকায় উৎসবের আমেজ তৈরি হয়।
মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেল চারটায় উপজেলার বল্লভদি ইউনিয়নের ফুলবাড়িয়া নিশীতলা সংলগ্ন মাঠে স্থানীয়দের উদ্যোগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ‘স্বপ্নের রানী’, ‘কালাই’, ‘দলগ্রাম’সহ বিভিন্ন নামে মোট আটটি ঘোড়া অংশ নেয়।
প্রতিযোগিতা ঘিরে মাঠের দুই পাশে হাজারো দর্শকের ভিড় দেখা যায়। ঘোড়ার দৌড় ও দর্শকদের উচ্ছ্বাসে পুরো এলাকা মুখর হয়ে ওঠে।
প্রতিযোগিতায় যুবদল নেতা জসিম মোল্যার ঘোড়া প্রথম স্থান অর্জন করে। দ্বিতীয় স্থান পায় বল্লভদি ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি নুর ইসলাম মাতুব্বরের ঘোড়া।
ঘোড়া দৌড় শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বল্লভদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার সাইফুর রহমান শাহীন। এ সময় বিএনপি নেতা হুমায়ন খান, জয়নাল মোল্যা, মান্দার মোল্যাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানান, গ্রামবাংলার ঐতিহ্য ধরে রাখতে এমন আয়োজন নিয়মিত হওয়া প্রয়োজন। এতে নতুন প্রজন্মের কাছে এই সংস্কৃতি আরও পরিচিত হবে।

