ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

ফেনীতে বৃক্ষরোপণ অভিযান ও মেলার উদ্বোধন

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১৪, ২০২৬, ১২:৩০ পিএম
ছবি- সংগৃহীত

বৃক্ষরোপণে সাজাই দেশ,  সবার আগে বাংলাদেশ- এ প্রতিপাদ্য সামনে রেখে এবার ফেনীতে বৃক্ষরোপণ অভিযান ও মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১টায় শহরের মিজান ময়দান থেকে বর্ণাঢ্য র‍্যালি শুরু হয়ে জহির রায়হান হল মাঠে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা ও বেলুন উড়িয়ে ও ফিতা কেটে  বৃক্ষরোপণ মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মনিরা হক।

বিভাগীয় ফেনী  বন কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফেনীর উপপরিচালক মোহাম্মদ আতিক উল্লাহ। এ ছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আল আমিন সরকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা, ফেনী রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন, ফেনী সদর উপজেলা বন কর্মকর্তা বাবুল চন্দ্র শীল।

অনুষ্ঠানে করাত কল মালিক, নার্সারি মালিক, ফার্নিচার মালিক ও বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সাংস্কৃতিক সংগঠক মাহতাব সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ফেনী জেলা করাত কল মালিক সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন চৌধুরী ও নার্সারি মালিক আবু বক্কর সিদ্দিক।

বক্তারা বলেন, গাছ আমাদের পরিবেশ থেকে শুরু করে মানুষের দৈনন্দিন জীবনে জড়িয়ে আছে। তন্মধ্যে অক্সিজেন ও পরিবেশ বাজায় রাখতে বেশি করে গাছ রোপণ করা প্রয়োজন। পরবর্তী গাছের পরিচর্যা করতে হবে। গাছ বড় হলে এতে দেশের পরিবেশ সৃষ্টি হবে। তাই পরিবেশ সৃষ্টির ক্ষেত্রে গাছের বিকল্প নেই। বৃক্ষরোপণ মেলা ৭ দিনব্যাপী চলবে।