কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৮৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) কিশোরগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক শেখ খায়রুল কবির আহমেদ ও সদস্যসচিব আজিজুর রহমান বাবুর যৌথ স্বাক্ষরিত এনসিপি/কিশোরগঞ্জ জেলা/উ.আ.ক/১৪/০৭ নং স্মারকে ছয় মাসের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত কমিটিতে অবসরপ্রাপ্ত সার্জেন্ট মহিউদ্দিন মাসুদকে আহ্বায়ক, সাইফুল ইসলাম বাদলকে সিনিয়র যুগ্ম-আহ্বায়ক, আরাফাত হোসেন মুরাদকে সদস্যসচিব এবং শেখ কাউসার হোসেনকে সিনিয়র যুগ্ম সদস্যসচিব করা হয়েছে। এ ছাড়া কমিটিতে ১১ জন যুগ্ম আহ্বায়ক, ১১ জন যুগ্ম সদস্যসচিব, ১৬ জন সাংগঠনিক সম্পাদক, একজন জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদকসহ মোট ৮৭ সদস্য স্থান পেয়েছেন।
জেলা এনসিপির নেতারা জানান, ছয় মাস মেয়াদি এ আহ্বায়ক কমিটি উপজেলার সাংগঠনিক কার্যক্রম জোরদার, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সংগঠন সম্প্রসারণ, নতুন সদস্য সংগ্রহ এবং নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ উপজেলা কমিটি গঠনের লক্ষ্যে কাজ করবে।
উল্লেখ্য,বর্তমান আহ্বায়ক সার্জেন্ট মহিউদ্দিন মাসুদ (অব.) এর আগে প্রায় এক বছর তাড়াইল উপজেলা এনসিপির সমন্বয় কমিটির দায়িত্ব পালন করেন। সাংগঠনিক কার্যক্রমে ভূমিকার ধারাবাহিকতায় এবার তাকে উপজেলা আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে।
নবনিযুক্ত আহ্বায়ক মহিউদ্দিন মাসুদ বলেন, দল আমার ওপর যে দায়িত্ব অর্পণ করেছে, তার জন্য কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। তাড়াইল উপজেলায় একটি শক্তিশালী, সুসংগঠিত ও জনসম্পৃক্ত সংগঠন গড়ে তুলতে আমরা সবাইকে সঙ্গে নিয়ে কাজ করব। আগামী ছয় মাসের মধ্যে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সক্রিয় করে পূর্ণাঙ্গ উপজেলা কমিটি গঠনের লক্ষ্যে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করব।
সদস্যসচিব আরাফাত হোসেন মুরাদ বলেন, তাড়াইল উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। তরুণদের সম্পৃক্ত করে একটি গণমুখী, সুশৃঙ্খল ও কার্যকর সংগঠন গড়ে তোলাই আমাদের অঙ্গীকার।
কিশোরগঞ্জ জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক ও তাড়াইল উপজেলার বাসিন্দা ইকরাম হোসেন বলেন, তাড়াইল উপজেলা আহ্বায়ক কমিটি অনুমোদনের মাধ্যমে উপজেলায় দলের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি সৃষ্টি হবে। নতুন নেতৃত্বের প্রতি জেলা কমিটির পূর্ণ আস্থা রয়েছে। তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করে জনগণের প্রত্যাশা অনুযায়ী রাজনৈতিক কার্যক্রম পরিচালনায় এ কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।
নতুন আহ্বায়ক কমিটি অনুমোদনের খবরে তাড়াইল উপজেলার নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। তাদের প্রত্যাশা, নতুন নেতৃত্বের মাধ্যমে উপজেলার সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে একটি শক্তিশালী পূর্ণাঙ্গ উপজেলা কমিটি গঠন করা সম্ভব হবে।

