গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় নেশার টাকা না পেয়ে বৃদ্ধা মায়ের বসতঘরে আগুন দেওয়ার অভিযোগে জাকিরুল ইসলাম (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
রোববার (১৯ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেন সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম হাবিবুল ইসলাম। এর আগে বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হয়।
জাকিরুল উপজেলার রসুলপুর গ্রামের মৃত ফয়জার রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জাকিরুল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। নেশার টাকা জোগাড় করতে প্রায়ই তিনি তার মা জোবেদা বেগমের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন। স্বামীহারা জোবেদা বেগম রাস্তার পাশে একটি ছাপড়া ঘরে বসবাস করেন।
রোববার সকালে নেশার টাকার জন্য মায়ের কাছে চাপ দেন জাকিরুল। টাকা না পেয়ে ক্ষিপ্ত হয়ে একপর্যায়ে তিনি ঘরে আগুন ধরিয়ে দেন। আগুন ছড়িয়ে পড়লে প্রতিবেশীরা দ্রুত এসে তা নিয়ন্ত্রণে আনেন।
ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা জাকিরুলকে আটক করে একটি গাছের সঙ্গে বেঁধে রাখেন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
স্থানীয়দের ধারণা, টাকা না পেয়ে ক্ষিপ্ত হয়ে তিনি মাকে ঘরের ভেতরেই পুড়িয়ে হত্যার চেষ্টা করেছিলেন।
ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড সদস্য ছাফের আলী বলেন, নেশার টাকা না পেয়ে জাকিরুল প্রথমে মাকে গালিগালাজ করেন। পরে ঘরে কেরোসিন ঢেলে আগুন দেন।
ওসি একেএম হাবিবুল ইসলাম বলেন, মায়ের ঘরে আগুন দেওয়ার অভিযোগে জাকিরুলকে আটক করা হয়েছে। তিনি মাদকাসক্ত। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন