গাইবান্ধার সাদুল্লাপুরে বাড়িতে সংরক্ষণ করে রাখা ডিজেলের খোলা ড্রামে পড়ে আরাফ মিয়া (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২২ এপ্রিল) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশু মারা যায়।
নিহত শিশু আরাফ সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের পালানপাড়া গ্রামের ব্যবসায়ী বাবু মিয়ার ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করেন ধাপেরহাট পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ স্বপন কুমার সরকার।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বাবু মিয়ার মালিকাধীন একটি ট্রাকের ডিজেলের ট্যাংক ফুটো হয়ে গেলে তিনি সেই ডিজেল বাড়িতেই একটি কাটা ড্রামে সংরক্ষণ করে রাখেন। গতকাল মঙ্গলবার বিকেলে পরিবারের অজান্তে শিশু আরাফ ডিজেল রাখা সেই ড্রামে পড়ে যায়। পরে অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়।
সেখানে অবস্থার অবনতি হলে তাকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে মারা যায়।
স্বপন কুমার সরকার জানান, গতকাল ডিজেলের ড্রামে পড়ে একটি শিশু গুরুতর অসুস্থ হয়। রংপুরে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে সে মারা যায়। পরিবারের কোনও অভিযোগ না থাকায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফনের কথা রয়েছে।

