জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-১ আসনে জোরদার নির্বাচনি প্রচার চালাচ্ছেন বিএনপির মনোনীত প্রার্থী মজিবুর রহমান।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল থেকে মধ্যে রাত পর্যন্ত কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করেন তিনি।
দিনব্যাপী প্রচার, পথসভা, লিফলেট বিতরণ ও ভোটারদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে নিজের নির্বাচনি অঙ্গীকার তুলে ধরেন বিএনপি প্রার্থী। বিভিন্ন পাড়া-মহল্লা ঘুরে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং এলাকার উন্নয়ন, কর্মসংস্থান ও নাগরিক সুবিধা বৃদ্ধির প্রতিশ্রুতি দেন।
প্রচারের অংশ হিসেবে তিনি উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অনুষ্ঠানেও অংশ নেন এবং স্থানীয় মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। এ সময় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রচারে অংশ নেন এবং ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চান।
প্রচারকালে মজিবুর রহমান বিশেষভাবে নারী শ্রমিকদের উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, নারী শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ, দক্ষতা উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে তার দল বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের পরিকল্পনা নিয়েছে।
সাধারণ ভোটারদের মধ্যেও ব্যাপক সাড়া দেখা যায়। স্থানীয় নেতাকর্মীরা জানান, নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, প্রচারের গতি ততই বাড়ানো হচ্ছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন