গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে এক মা ও তার দুই বছরের শিশুপুত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শুক্রবার (৩ এপ্রিল) সকালে জয়দেবপুর-ময়মনসিংহ রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন গাজীপুরের শ্রীপুর উপজেলার চিনাশুখানীয়া এলাকার বাসিন্দা বৃন্দাবন চন্দ্র দাসের মেয়ে মিতি রানী দাস (৩৯) এবং তার দুই বছর বয়সী ছেলে রুদ্র দাস।
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) কাইয়ুম আলী জানান, রাজেন্দ্রপুর এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মিতি রানী দাসের মৃত্যু হয়।
গুরুতর আহত অবস্থায় শিশুটিকে স্থানীয়রা উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
প্রাথমিকভাবে এটি দুর্ঘটনা নাকি আত্মহত্যা তা নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


