ঢাকা বুধবার, ২২ জুলাই, ২০২৬

ফের তিস্তার পানি বেড়ে বিপৎসীমা ছুঁইছুঁই

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২২, ২০২৬, ১০:১৭ এএম
ছবি- রূপালী বাংলাদেশ

কয়েকদিনের ভারি বৃষ্টি আর উজানের ঢলের কারণে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার এক সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তার পানি বেড়ে যাওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে।পানি নিয়ন্ত্রণে রাখতে খুলে দেওয়া হয়েছে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট। ফের বন্যার আতঙ্কে দিন কাটছে তিস্তাপাড়ের মানুষের।

বুধবার (২২ জুলাই) সকাল ৯টায় লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ডালিয়া পয়েন্ট তিস্তা নদীর পানির সমতল রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ১৪ সেন্টিমিটার, (বিপৎসীমা ৫২ দশমিক ১৫ মিটার)। যা বিপৎসীমার ১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।  

আদিতমারীর গোবর্ধন গ্রামের বাসিন্দা আব্দুর রশিদ বলেন, বুধবার সকাল থেকে পানি বাড়তে শুরু করেছে। ইতোমধ্যে চরাঞ্চলের বেশকিছু এলাকায় পানি ঢুকেছে। পানির চাপ দেখে মনে হচ্ছে বড় ধরনের বন্যা হতে পারে। দীর্ঘদিন সংস্কার না হওয়া বাঁধগুলো ভেঙে গেলে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠবে। বন্যার সময় নদীপাড়ের মানুষ হিসেবে আমরা নির্ঘুম রাত কাটাই।

কালীগঞ্জের শৈলমারী চরের বাসিন্দা আব্দুল গফ্ফর বলেন, কয়েক দিন ধরে পানি ওঠানামা করছিল, তবে আজ পানি অনেক বেড়েছে। অনেক বাড়িতে পানি ঢুকে মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের নিয়ে দুর্ভোগ বাড়ে। গবাদিপশু ও হাঁস-মুরগি রক্ষা করাও কঠিন হয়ে পড়ে। এর সঙ্গে সাপ-পোকার উপদ্রবও বাড়ে।

পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, উজানের পানির প্রবাহ অব্যাহত থাকায় ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বেড়েছে। এতে নদী তীরবর্তী নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে এবং নদী তীরবর্তী ও চরাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে সকাল ৯টায় বিপৎসীমার এক  সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। পানি আরও বাড়ার সম্ভাবনা রয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যারাজে ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে।

লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার রায় জানান, উজানের ঢলে বুধবার ভোর থেকে তিস্তা নদীর পানি আবারও বৃদ্ধি পেতে শুরু করেছে। তবে এখনো বিপৎসীমার সামান্য নিচে রয়েছে। তিনি আরও বলেন, নদী সংলগ্ন এলাকার অধিবাসীদের সতর্ক থাকতে বলা হয়েছে।