ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বিএনপি প্রার্থীর সমর্থকদের হামলায় স্বতন্ত্র প্রার্থীর ৪ সমর্থক আহত

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ
প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৬, ০৬:৪৭ পিএম
উলপুরে বিএনপি প্রার্থীর সমর্থকদের হামলায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর। ছবি : রূপালী বাংলাদেশ

গোপালগঞ্জ-০২ আসনে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণার সময় লিফলেট বিতরণকে কেন্দ্র করে বিএনপি প্রার্থী ডা. কে এম বাবরের সমর্থকদের হামলায় স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান ভূইয়ার ৪ সমর্থক আহত হয়েছেন।

শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার উলপুরে এ ঘটনা ঘটে।

বৌলতলী পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোল্লা আফজাল হোসেন জানান, দুপুরে স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান ভূইয়ার সমর্থনে মিনারুল শিকদারসহ ১০ জন কর্মী মাহিন্দ্রা যোগে নির্বাচনি প্রচারণা ও লিফলেট বিতরণ করতে রাউতখামার গ্রামে প্রবেশ করে। এদের মধ্যে ৪ জন কর্মী রাস্তায় চলাচলরত সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করতে থাকে। 

এ সময় বিএনপি প্রার্থী ডা. কে এম বাবরের কর্মী অন্তর মোল্লার নেতৃত্বে ১০-১৫ জন লোক লাঠিসোঁটা নিয়ে স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান ভূইয়ার প্রচারণায় বাধা দেয়। কথা কাটাকাটির পর স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলা চালিয়ে মারধর করা হয়।

ওই সময় কামরুজ্জামানের কর্মীরা উলপুর বাজারের কালাম কাজীর দোকানে আশ্রয় নিলে সেখানেও ঢুকে আবারও মারধর করা হয় এবং তাদের সঙ্গে থাকা একটি মোবাইল ফোন ও ৪০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল পরিস্থিতি দেখতে সেনা সদস্যরাও উপস্থিত হন।

পরিদর্শক মোল্লা আফজাল হোসেন আরও বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

গোপালগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান মুঠোফোনে বলেন, ‘এটি নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন। বিষয়টি খোঁজ নিয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’