ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

মানুষের সেবা করেই মন জয় করতে চাই : সৈয়দ মো. ফয়সল

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১৯, ২০২৬, ০৭:২৬ পিএম
ছবি : সংগৃহীত

হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল বলেছেন, মানুষের সেবার মাধ্যমে জনগণের আস্থা ও ভালোবাসা অর্জনই তার মূল লক্ষ্য। একই সঙ্গে তিনি হাসপাতালের স্বাস্থ্যসেবার মান উন্নয়ন, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত এবং দালালমুক্ত চিকিৎসাসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

শনিবার (১৮ জুলাই) মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভার শুরুতে সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সভা পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও সদস্য সচিব ডা. মোহাম্মদ ইমরুল হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এস.এফ.এ. এম. শাহজাহান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান। এ ছাড়া মাধবপুর থানার ওসি মো. সোহেল রানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা, হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংসদ সদস্য বলেন, চিকিৎসকদের দায়িত্বশীলতার সঙ্গে রোগীদের সেবা দিতে হবে। হাসপাতালের খাবারের মান উন্নয়ন, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং রোগীরা যেন দালাল বা মধ্যস্বত্বভোগীদের হয়রানির শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্টদের কার্যকর নজরদারি রাখতে হবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, চুরি, ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে যারা জনজীবনে অস্থিরতা সৃষ্টি করছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

এমপি সৈয়দ মো. ফয়সল জানান, সরকার ইতোমধ্যে মাধবপুর উপজেলা হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করেছে। এটি পূর্ণাঙ্গভাবে চালু হলে উপজেলার মানুষ আরও আধুনিক ও মানসম্মত স্বাস্থ্যসেবা পাবেন। চিকিৎসক সংকট, ওষুধের স্বল্পতা, অ্যাম্বুলেন্স ও অবকাঠামোগত সমস্যার সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাসও দেন তিনি।

তিনি আরও বলেন, হাসপাতালের উন্নয়ন ও বিভিন্ন সমস্যা ইতোমধ্যে জাতীয় সংসদে তুলে ধরা হয়েছে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ অব্যাহত রয়েছে। জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।

স্বাগত বক্তব্যে ডা. মোহাম্মদ ইমরুল হাসান হাসপাতালের বর্তমান কার্যক্রম, বিদ্যমান সমস্যা ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ তুলে ধরেন। তিনি চিকিৎসক ও জনবল সংকট নিরসন, প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহ, অবকাঠামোগত উন্নয়ন, পরিচ্ছন্নতা বজায় রাখা, অ্যাম্বুলেন্সসহ স্বাস্থ্যসেবা সম্প্রসারণ এবং দালালমুক্ত হাসপাতাল গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় হাসপাতালের সার্বিক কার্যক্রম, রোগীদের সেবার মান বৃদ্ধি, স্বাস্থ্যসেবার আধুনিকায়ন এবং বিভিন্ন সমস্যা-সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। শেষে অংশগ্রহণকারীরা সম্মিলিত উদ্যোগে মাধবপুর উপজেলা হাসপাতালকে আরও আধুনিক, মানসম্মত ও জনবান্ধব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে রূপান্তরের প্রত্যয় ব্যক্ত করেন।