জামালপুরে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অবৈধ ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করার অভিযোগে সালেমা আক্তার (৩১) নামে এক পরীক্ষার্থীকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ১০০ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জামালপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হায়দার।
শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ কেন্দ্রের একটি কক্ষে পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত সালেমা আক্তার জামালপুর জেলার ইসলামপুর উপজেলার তাবুরচর এলাকার বাসিন্দা।
জানা গেছে, পরীক্ষা চলাকালে সালেমা আক্তার গোপনে একটি অবৈধ ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করছিলেন। বিষয়টি নজরে আসার পর পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটকে অবহিত করে। পরে ভ্রাম্যমাণ আদালতে অভিযুক্ত সালেমা আক্তারকে পরীক্ষা নিয়ন্ত্রণ আইনে দণ্ড প্রদান করা হয়।
জামালপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হায়দার সাংবাদিকদের জানান, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার করার সময় একজন পরীক্ষার্থীকে হাতেনাতে আটক করা হয়। পরে আইন অনুযায়ী তাকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। দণ্ডাদেশ কার্যকর শেষে ওই পরীক্ষার্থীকে জেলহাজতে পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন