সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে কক্সবাজারের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১৩ জুন) সকালে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কক্সবাজার বিমানবন্দরের উদ্দেশে রওনা হন তিনি।
দিনব্যাপী সফরে প্রধানমন্ত্রী কক্সবাজারে খাল পুনঃখননসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
জানা গেছে, সকাল সাড়ে ১০টায় তিনি পিএমখালী ইউনিয়নের পাতলী খাল পুনঃখনন অনুষ্ঠানে অংশ নেবেন। সেখানে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন এবং এক পথসভায় বক্তব্য রাখবেন। পরে তিনি ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করবেন।
এ ছাড়া মালুমঘাট সংরক্ষিত বনে বৃক্ষরোপণের মাধ্যমে ‘দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এরপর জুলাই গণ-অভ্যুত্থানে কক্সবাজার জেলার প্রথম শহীদ মো. ওয়াসিমের কবর জিয়ারত করতে পেকুয়া উপজেলার উদ্দেশে রওনা হবেন তিনি। সেখানে শহীদ মো. ওয়াসিমের কবর জিয়ারত করবেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
সফরের অংশ হিসেবে নবগঠিত পেকুয়া পৌরসভা এবং নবগঠিত মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তরও স্থাপন করবেন সরকারপ্রধান।
বিকেল ৪টায় চকরিয়া পৌর বাস টার্মিনালে আয়োজিত রাজনৈতিক জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী।
পরে চকরিয়া থেকে মেরিন ড্রাইভ সড়কের উদ্দেশে যাত্রা করবেন তিনি। মেরিন ড্রাইভ সড়ক ও সমুদ্রসৈকত পরিদর্শন শেষে লং বিচ হোটেল অডিটোরিয়ামে আয়োজিত এক সুধী সমাবেশে অংশ নেবেন।
দিনের কর্মসূচি শেষে কক্সবাজার বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন