ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর জেলার পাঁচটি সংসদীয় আসনেই ধানের শীষের প্রার্থীরা বিপুল ভোটে এগিয়ে রয়েছেন। নির্বাচনে শান্তিপূর্ণ ভোটগ্রহণ শেষে এমন নজিরবিহীন ফলাফলে জেলা জুড়ে বিএনপির প্রার্থী ও সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে।
এর আগে ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে জামালপুরে বিএনপির সর্বোত্তম অবস্থার মধ্যেও জামালপুর-৩ ও জামালপুর-৫ আসন দুটি হাতছাড়া হয় তাদের। তবে এবারের নির্বাচনে এমন একক বিজয় জামালপুরে নির্বাচনি রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায় যুক্ত করল।
জেলার ৫ টি আসনে বেসরকারি ভাবে নির্বাচিত বিজয়ী ও নিকটতম প্রতিদ্বন্দ্বীরা হলেন-
জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে মোট কেন্দ্র ১২৮ টি। এই ১২৮ টি কেন্দ্রের সর্বশেষ ফলাফলে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এম রশিদুজ্জামান মিল্লাত ১ লক্ষ ৭২ হাজার ১২৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এ আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মুহাম্মদ নাজমুল হক সাঈদী পেয়েছেন ৯৩ হাজার ৬৬১ ভোট।
জামালপুর-২ (ইসলামপুর) আসনে মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৯২ টি এবং ৯২ টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে ৯৫ হাজার ৭৭৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী এ ই সুলতান মাহমুদ বাবু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মো. সামিউল হক পেয়েছেন ৬১ হাজার ৬৫৫ ভোট।
জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে মোট কেন্দ্র ১৫৪ টি। সবকটি কেন্দ্রের ফলাফল অনুযায়ী বিএনপির মনোনীত মো. মোস্তাফিজুর রহমান বাবুল ২ লক্ষ ৬ হাজার ২১৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। মোস্তাফিজুর রহমান বাবুলের নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মো. মুজিবুর রহমান আজাদী পেয়েছেন ৭৯ হাজার ৬০৭ ভোট।
জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে মোট কেন্দ্রের সংখ্যা ৮৮টি। এই ৮৮টি কেন্দ্রের ফলাফলে বিএনপির প্রার্থী মো. ফরিদুল কবির তালুকদার শামীম ১ লক্ষ ৪৬ হাজার ৫৪৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী এডভোকেট আব্দুল আওয়াল পেয়েছেন ৪৪ হাজার ১৬১ ভোট।
জামালপুর-৫ (সদর) আসনে মোট ১৬১ ভোট কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন ১ লক্ষ ৯৮ হাজর ৯৭৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মাওলানা মোহাম্মদ আব্দুস সাত্তার পেয়েছে ১ লক্ষ ৯ হাজার ২৯৮ ভোট।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন