ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

জামালপুরে টানা বিদ্যুৎহীন কয়েকটি গ্রাম

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৬, ০৬:৩৮ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় টানা তিন দিন ধরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় চরম দুর্ভোগে পড়েছেন কয়েক গ্রামের মানুষ।

উপজেলার কড়ইচড়া ইউনিয়নের লালডোবা, ইলশামারী, পূর্ব নলছিয়া, নলছিয়া বাজার, মহিষবাথান বাজারসহ বিভিন্ন গ্রাম এবং চরপাকেরদহ ও জোড়খালী ইউনিয়নের একাধিক গ্রামে একই পরিস্থিতি বিরাজ করছে।

বিদ্যুৎ না থাকায় সন্ধ্যা নামলেই গ্রামগুলোতে নেমে আসে অন্ধকার। ঘরে ঘরে জ্বলছে কুপি বাতি ও মোমবাতি। অনেক পরিবার বাধ্য হয়ে নব্বই দশকের মতো কুপিবাতি ব্যবহার করছেন। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন চলমান এসএসসি পরীক্ষার্থীরা। বিদ্যুতের আলো না থাকায় রাতে ঠিকমতো পড়াশোনা করতে পারছে না তারা।

স্থানীয় এক পরীক্ষার্থী জানায়, সকালে পরীক্ষা থাকায় রাতেই পড়াশোনা শেষ করতে হয়। কিন্তু বিদ্যুৎ না থাকায় ঠিকমতো পড়া সম্ভব হচ্ছে না, ফলে পরীক্ষার ফলাফল খারাপ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এদিকে বিদ্যুৎ বিভ্রাটে স্থবির হয়ে পড়েছে দৈনন্দিন জীবনযাত্রা। মোবাইল ফোন চার্জ দিতে যেতে হচ্ছে কয়েক কিলোমিটার দূরের বাজারে, তাই ব্যাহত হচ্ছে জরুরি যোগাযোগ। ফ্রিজে সংরক্ষিত খাদ্যদ্রব্য নষ্ট হয়ে যাওয়ায় ক্ষতির মুখে পড়েছেন সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, ফ্রিজে সংরক্ষিত সব পণ্য নষ্ট হয়ে যাচ্ছে। টানা তিন দিন বিদ্যুৎ না থাকায় বড় ধরনের লোকসানের সম্ভাবনা রয়েছে। এ সময় দ্রুত বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের দাবি জানান তারা।

পল্লী বিদ্যুৎ অফিস সূত্রে জানা গেছে, সাম্প্রতিক কালবৈশাখি ঝড়ে উপজেলার বিভিন্ন স্থানে বৈদ্যুতিক খুঁটি ভেঙে গেছে এবং তার ছিঁড়ে গেছে। ক্ষতিগ্রস্ত লাইন মেরামতের কাজ চলছে এবং দ্রুত সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে বলেও জানান তারা।