জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধের (আনুমানিক বয়স ৭০) মৃত্যু হয়েছে। শুক্রবার (১ মে) বিকেলে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রায় এক সপ্তাহ আগে অসুস্থ অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন ওই বৃদ্ধকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে শুক্রবার বিকেলে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এদিকে, বৃদ্ধের পরিচয় শনাক্ত করতে হাসপাতাল কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে তার ছবি প্রকাশ করেছে। তবে এখন পর্যন্ত তার কোনো স্বজন বা পরিচয় পাওয়া যায়নি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজাউল করিম বলেন, অজ্ঞাত ওই বৃদ্ধকে অসুস্থ অবস্থায় স্থানীয়রা হাসপাতালে ভর্তি করেন এবং চিকিৎসা দেওয়া হচ্ছিল।
শুক্রবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এখন পর্যন্ত তার কোনো স্বজন বা ওয়ারিশের সন্ধান পাওয়া যায়নি।
তিনি আরও জানান, ওয়ারিশ পাওয়া গেলে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে। অন্যথায় আইনগত প্রক্রিয়া অনুসরণ করে দাফনের ব্যবস্থা করা হবে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন