ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সরিষাবাড়ীতে নজরুল জন্মবার্ষিকী ঘিরে সাংস্কৃতিক প্রতিযোগিতা

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
প্রকাশিত: মে ৯, ২০২৬, ১০:৩২ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

জামালপুরের সরিষাবাড়ীতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয় এক সাংস্কৃতিক প্রতিযোগিতা।

শনিবার (৯ মে) সকালে অনুষ্ঠিত এ আয়োজনে উপজেলার বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।

নজরুলের সাহিত্য ও সংগীতচর্চাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে নজরুলসংগীত, কবিতা আবৃত্তি, রচনা লেখা, নৃত্য এবং হামদ-নাতসহ নানা প্রতিযোগিতার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আফসানা। অনুষ্ঠানে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক কবি জাকারিয়া জাহাঙ্গীর এবং একাডেমিক সুপারভাইজার এটিএম রুহুল আমিন বেগ।

বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর কবির, আইসিটি কর্মকর্তা নাঈমা নূপুর, শিল্পকলা একাডেমির সহসভাপতি বাবু বিশ্বাস পাল, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম খুররম আজাদ, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার ইমরান হোসেন এবং নৃত্য প্রশিক্ষক আব্দুর রহমান বাবুসহ আরও অনেকে।

আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে নজরুলের আদর্শ, সাহিত্য ও সংস্কৃতির প্রতি আগ্রহ বাড়াতে সহায়ক ভূমিকা রাখবে।