আসন্ন ঈদুল আজহা উপলক্ষে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নে হতদরিদ্রদের জন্য বরাদ্দ করা সরকারি ভিজিএফের অর্ধেক কার্ড দলীয় নেতাকর্মীদের হাতে তুলে দেওয়ার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (২১ মে) দুপুরে ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল রানা পলাশের নিজ কার্যালয়ে এসব কার্ড বিএনপি নেতাদের কাছে হস্তান্তর করেন বলে জানা গেছে। সরকারি ত্রাণসামগ্রী এভাবে দলীয়ভাবে বিতরণের অভিযোগে স্থানীয় সাধারণ মানুষ ও হতদরিদ্রদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে বগারচর ইউনিয়নে এবার হতদরিদ্র, দুস্থ ও অসহায় পরিবারের জন্য মোট ৮ হাজার ৪৮টি ভিজিএফ কার্ড বরাদ্দ দিয়েছে সরকার। নিয়ম অনুযায়ী, প্রতিটি কার্ডের বিপরীতে সুবিধাভোগী পরিবার ১০ কেজি করে চাল পাবেন। কিন্তু বগারচর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল রানা পলাশ সরকারি নিয়ম-নীতির তোয়াক্কা না করে তার নিজস্ব কার্যালয়ে ডেকে এনে প্রায় অর্ধেক কার্ড পাইকারি হারে স্থানীয় বিএনপি নেতাদের হাতে তুলে দেন।
কার্ড হস্তান্তরের বিষয়ে বগারচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল রানা পলাশ জানান, ইউনিয়ন পরিষদের ওপর যাতে কোনো রাজনৈতিক চাপ না আসে, সে জন্য দলীয় নির্দেশনা অনুযায়ী বরাদ্দকৃত কার্ড উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতির হাতে তুলে দেওয়া হয়েছে।
তবে দলীয় নির্দেশনার বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স। তিনি দাবি করেন, দল থেকে এ ধরনের কোনো নির্দেশনা দেওয়া হয়নি। তারা শুধু খেয়াল রাখতে বলেছিলেন যেন প্রকৃত গরিব ও অসহায় মানুষ চাল পায়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান সুমন স্পষ্ট করে জানিয়েছেন, নিয়ম অনুযায়ী ট্যাগ অফিসারের উপস্থিতিতে প্রকৃত উপকারভোগীদের মাঝে কার্ড ও চাল বিতরণ করার কথা। কোনো রাজনৈতিক দলের কাছে পাইকারি হারে কার্ড হস্তান্তরের কোনো আইনি সুযোগ বা বিধান সরকারি নিয়মে নেই।
এই বিষয়ে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুরাদ হোসেন বলেন, বিষয়টি সম্পর্কে আমরা অবগত হয়েছি। নিয়মবহির্ভূতভাবে সরকারি কার্ড হস্তান্তর করা হয়ে থাকলে তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।


