জামালপুরের বকশীগঞ্জে দিনব্যাপী বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মসূচির উদ্বোধন ও বিতরণ কার্যক্রমে অংশ নিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
শনিবার (৪ জুলাই) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের ভোগান্তি কমাতে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় স্থাপিত সোলার প্যানেল কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। একই সঙ্গে হাসপাতালের নতুন অপারেশন থিয়েটারেরও উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জামালপুরের সিভিল সার্জন ডা. আজিজুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজাউল ইসলাম, বকশীগঞ্জ থানার ওসি মকবুল হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্সসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
পরে উপজেলা পরিষদ সভাকক্ষে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন প্রতিমন্ত্রী।
দিনের দ্বিতীয় পর্বে বকশীগঞ্জের লাউচাপড়া বিনোদন কেন্দ্রে উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মসূচির উদ্বোধন এবং উপকারভোগীদের মাঝে সহায়তা বিতরণ করা হয়। এ সময় ধানুয়া কামালপুর ইউনিয়নের ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারীদের মাঝে আয়বর্ধক সেলাই মেশিন, শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি ও বাইসাইকেল, আনসার ও ভিডিপি সদস্যদের টর্চলাইট ও ছাতা এবং কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়। এছাড়া ভিক্ষুকদের পুনর্বাসনের লক্ষ্যে ছাগল বিতরণ করা হয়।
অনুষ্ঠানের অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচিরও উদ্বোধন করেন প্রতিমন্ত্রী।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন, দেওয়ানগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, বকশীগঞ্জ থানার ওসি মকবুল হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্সসহ প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

