ঢাকা শনিবার, ০৪ জুলাই, ২০২৬

এইচএসসি পরীক্ষার দ্বিতীয় দিন: অনুপস্থিত ২৭,৩২৭; বহিষ্কার ১৭

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ৪, ২০২৬, ০৮:২৯ পিএম
ছবি : সংগৃহীত

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার দ্বিতীয় দিনে আজ শনিবার দেশের বিভিন্ন কেন্দ্রে অনুপস্থিত ছিলেন ২৭ হাজার ৩২৭ জন পরীক্ষার্থী। এছাড়া অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয়েছে আরও ১৭ জন পরীক্ষার্থীকে।

শনিবার (৪ জুলাই) বিকেলে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আজ এইচএসসি (সাধারণ) ‘বাংলা দ্বিতীয় পত্র’, আলিমে ‘আরবি প্রথম পত্র’ ও ‘আরবি সাহিত্য’, এবং এইচএসসি ভোকেশনাল, বিএমটি ও ডিপ্লোমা ইন কমার্সে ‘ইংরেজি-২’ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্য অনুযায়ী, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ১ হাজার ৬২০টি কেন্দ্রে বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এই পরীক্ষায় মোট ৮ লাখ ৮৬ হাজার ৭৬৪ জন পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা থাকলেও অংশ নেন ৮ লাখ ৪১ হাজার ১২৫ জন। অনুপস্থিত ছিলেন ১৯ হাজার ৬৩৯ জন। অসদুপায় অবলম্বনের দায়ে ৭ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন রাজশাহী বোর্ডের ১ জন, কুমিল্লা বোর্ডের ২ জন, বরিশাল বোর্ডের ২ জন, দিনাজপুর বোর্ডের ১ জন এবং ময়মনসিংহ বোর্ডের ১ জন।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিমের আরবি প্রথম পত্র ও আরবি সাহিত্য পরীক্ষায় ৪৬০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এ পরীক্ষায় ৮৪ হাজার ২৯৩ জন পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা থাকলেও অংশ নেন ৭৯ হাজার ৯১ জন। অনুপস্থিত ছিলেন ৫ হাজার ২০২ জন। এ পরীক্ষায় ৭ জনকে বহিষ্কার করা হয়েছে।

এইচএসসি ভোকেশনাল, বিএমটি ও ডিপ্লোমা ইন কমার্সের অধীনে ইংরেজি-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয় ৬১১টি কেন্দ্রে।

এ পরীক্ষায় ৮৫ হাজার ৭৪৯ জন পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা থাকলেও অংশ নেন ৮৩ হাজার ২৬৩ জন। অনুপস্থিত ছিলেন ২ হাজার ৪৮৬ জন এবং ৩ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।