যশোরের শার্শা উপজেলার উলাশী জিয়া খাল পুনঃখনন প্রকল্প উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী ২৭ এপ্রিলের সফরকে কেন্দ্র করে খাল পরিদর্শন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
শনিবার (১১ এপ্রিল) দুপুরে প্রতিমন্ত্রী যশোর জেলার শার্শা উপজেলার উলাশী ‘জিয়া খাল’ পুনঃখননের স্থান পরিদর্শন করেন।
এ সময় প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে খনন করা উলাশী খাল পুনঃখননের জন্য আগামী ২৭ তারিখ প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে আসছেন, যা যশোরবাসীর জন্য বড় সুসংবাদ। তিনি যশোর বিমানবন্দর থেকে সরাসরি উলাশী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন। আগের মতো এবারও গোটা শার্শাবাসী কাঁধে কাঁধ মিলিয়ে খাল খননে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।’
এ সময় প্রতিমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা প্রশাসক আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ, নাভারন সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফ হোসেন, উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটনসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে যশোরের শার্শায় দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ও আশার সঞ্চার হয়েছে।
-20260411181429.webp)


