ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলা এলাকায় মাদকবিরোধী অভিযানে গিয়ে এক যুবলীগ নেতার কামড়ে আহত হয়েছেন পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই)। এ ঘটনায় অভিযুক্ত সুজন হাওলাদার (৩০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে কাঁঠালিয়া থানা পুলিশের একটি দল উপজেলার চেঁচরী ইউনিয়নের সোহরাব মাস্টারের বাড়ির সামনের সড়কে অভিযান চালায়। অভিযানে সুজন হাওলাদারের কাছ থেকে ৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অভিযান পরিচালনা করেন কাঁঠালিয়া থানার এসআই রতন চন্দ্র হালদার। পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তারের সময় সুজন আচমকা এসআই রতনের হাতে কামড় দেন এবং পালানোর চেষ্টা করেন। এতে তিনি সামান্য আহত হন। তবে উপস্থিত পুলিশ সদস্যরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সুজনকে ঘটনাস্থলেই আটক করেন।
আটক সুজন হাওলাদার চেঁচরীরামপুর ইউনিয়ন যুবলীগের সদস্য এবং স্থানীয় বাসিন্দা মো. সোবাহান হাওলাদারের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু নাছের রায়হান জানান, দক্ষিণ চেঁচরী এলাকা থেকে ৮ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশ আরও জানিয়েছে, এলাকায় মাদক নির্মূলে তাদের অভিযান চলমান থাকবে।


