ঝালকাঠির আলোচিত ব্যবসায়ী ও ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের সহসভাপতি শামীম আহমেদ (৫৭), ওরফে ‘জর্দা শামীম’-কে বিদেশি মদসহ গ্রেপ্তার করেছে রংপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার রাত সাড়ে ১১টার দিকে রংপুর সদর উপজেলার একটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ছয় বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (৭ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করে রংপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।
গ্রেপ্তার শামীম আহমেদ ঝালকাঠি পৌর এলাকার পূর্ব কাঠপট্টি মহল্লার মৃত শাহাবুদ্দিন মিয়ার ছেলে। এলাকায় তিনি ‘জর্দা শামীম’ নামে পরিচিত। ‘শাহী ৯৯ জর্দা’ ব্র্যান্ডের মাধ্যমে তিনি পরিচিতি পান এবং ২০২৩ সালে ঝালকাঠি জেলার সর্বোচ্চ ভ্যাটদাতা হিসেবে সম্মাননা লাভ করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের সময়ে প্রভাবশালী নেতাদের সঙ্গে ঘনিষ্ঠতার মাধ্যমে এলাকায় প্রভাব বিস্তার করেন তিনি। তার বিরুদ্ধে জমি দখল, চাঁদাবাজি, ব্যবসা নিয়ন্ত্রণ, ব্যক্তিগত ক্যাডার বাহিনী পরিচালনা এবং আগ্নেয়াস্ত্র প্রদর্শনের অভিযোগ রয়েছে।
এ ছাড়া, কথিত টর্চার সেলে নারী-পুরুষকে আটকে রেখে নির্যাতনের অভিযোগও বিভিন্ন সময়ে ওঠে। কিছুদিন আগে এক কর্মচারীকে হাত-পা বেঁধে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তাকে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।
স্থানীয়দের অভিযোগ, পারিবারিক ও ব্যবসায়িক বিরোধকে কেন্দ্র করে নিজ পরিবারের সদস্যদের ব্যবসাপ্রতিষ্ঠান, গাড়ি ও অফিসে হামলার ঘটনাতেও তার সম্পৃক্ততা রয়েছে।



