ঝিনাইদহ সদর উপজেলার বয়ড়াতলা বাজারে মাটিবাহী ট্রাক্টরের ধাক্কায় কামরুজ্জামান (৪৫) নামে এক ইজিবাইক যাত্রী নিহত হয়েছেন। নিহত কামরুজ্জামান সদর উপজেলার পাকা গ্রামের আনসার বিশ্বাসের ছেলে। তিনি দীর্ঘদিন প্রবাসে শ্রমিক হিসেবে কাজ করতেন। সম্প্রতি তিনি ছুটিতে দেশে ফেরেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। আহতের নাম পরিচয় জানা যায়নি।
মঙ্গলবার (২৩ জুন) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার কালীচরণপুর ইউনিয়নের বয়ড়াতলা বাজারে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বেলা সাড়ে ১১টার দিকে শহরের একটি ব্যাংক থেকে টাকা উঠিয়ে ইজিবাইকযোগে গ্রামের বাড়িতে ফিরছিলেন কামরুজ্জামান। পথিমধ্যে ইজিবাইকটি বয়ড়াতলা বাজারে পৌছালে মাটিবাহী একটি দ্রুতগতির ট্রাক্টর ইজিবাইকে ধাক্কা দেয়। এতে কামরুজ্জামানসহ আরও একজন গুরুতর আহত হন। সে সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিনাইদহ ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক কামরুজ্জামানকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
এ ঘটনায় ঝিনাইদহ ২৫০ শয্যা সদর হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত ডা. উমা ইসলাম বলেন, দুর্ঘটনার শিকার ব্যক্তি হাসপাতালে পৌঁছানোর আগেই মারা গেছেন। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, এখনো কেউ এ ঘটনায় কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে পুলিশ প্রাথমিক আইনগত প্রক্রিয়া সম্পন্ন করেছে।

