কক্সবাজারের টেকনাফে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খালে উল্টে পড়ার ঘটনায় দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে সকল যাত্রীকে নিরাপদে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। দুর্ঘটনায় দুই নারী ও এক শিশুসহ তিনজন গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (২৩ জুন) বেলা সাড়ে ১১টার দিকে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকার দমদমিয়া বিওপির নিকটবর্তী কেয়ারী ঘাটসংলগ্ন নৌ-পুলিশ ফাঁড়ির পাশের ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।
বিজিবি সূত্র জানায়, কক্সবাজার থেকে টেকনাফগামী পালকী পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে পাশের খালে উল্টে পড়ে। দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দমদমিয়া বিওপির বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন।
বিজিবির সদস্যদের তৎপরতা, সাহসিকতা ও পেশাদারিত্বের মাধ্যমে বাসে থাকা সকল যাত্রীকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়। এ ঘটনায় দুই নারী ও এক শিশু গুরুতর আহত হন। আহতদের তাৎক্ষণিকভাবে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
প্রাথমিকভাবে পাওয়া তথ্যে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হানিফুর রহমান জানান, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি যেকোনো দুর্যোগ, দুর্ঘটনা ও মানবিক সংকটে জনগণের পাশে থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে বিজিবি। ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কর্মকাণ্ডে বাহিনী সর্বদা প্রস্তুত থাকবে।

