ঢাকা মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

কর্ণফুলীতে ভেজাল লুব অয়েল কারখানায় অভিযান, ৩ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: জুন ২৩, ২০২৬, ০৫:৪৬ পিএম
ছবি : সংগৃহীত

চট্টগ্রামের কর্ণফুলীতে যৌথ অভিযানে বিপুল পরিমাণ ভেজাল লুব অয়েল, লুব অয়েল তৈরির কাঁচামাল ও উৎপাদন সরঞ্জাম জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। একই সঙ্গে কারখানাটিকে ১৫ দিনের জন্য সিলগালা করে বন্ধ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড জানতে পারে যে চট্টগ্রামের কর্ণফুলী থানার ডাঙ্গারচর এলাকায় একটি কারখানায় নষ্ট ও ব্যবহৃত তেল পুনঃপ্রক্রিয়াজাত করে ভেজাল লুব অয়েল উৎপাদন করা হচ্ছে।

এ তথ্যের ভিত্তিতে সোমবার (২২ জুন) বিকেল ৩টায় কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রামের সমন্বয়ে ওই কারখানায় যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে কারখানাটিতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল লুব অয়েল, লুব অয়েল তৈরির কাঁচামাল এবং উৎপাদনে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

পরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রামের সহকারী পরিচালক ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ভেজাল লুব অয়েল তৈরি ও মজুদের দায়ে মালিকপক্ষের কাছ থেকে ৩ লাখ টাকা জরিমানা আদায় করেন। আদায়কৃত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

এ ছাড়া কারখানাটি ১৫ দিনের জন্য সিলগালা করে বন্ধ ঘোষণা করা হয়। জব্দ করা ভেজাল লুব অয়েল, কাঁচামাল ও উৎপাদন সরঞ্জামের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা আরও জানান, জনস্বার্থ ও ভোক্তা অধিকার রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।