লক্ষ্মীপুরে প্রায় ৩ লাখ ১৯ হাজার ৭৫৯ শিশুকে শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। মঙ্গলবার (২৩ জুন) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন মোহাম্মদ আবু হাসান শাহীন।
এসময় উপস্থিত ছিলেন- সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার আমেনা বেগম, ফাতেমা আক্তার ও জেলা তথ্য কর্মকর্তা বিশ্বনাথ মজুমদার।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, জেলায় এবার ৩ লাখ ১৯ হাজার ৭৫৯ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরমধ্যে সদরে ১ লাখ ১৫ হাজার, রায়পুরে ৫১ হাজার ৩৫৫, রামগঞ্জে ৪৯ হাজার ৭৩০, রামগতিতে ৪৯ হাজার ৭৫০, কমলনগরে ৩৬ হাজার ৫৭৮ ও লক্ষ্মীপুর পৌরসভায় ১৭ হাজার ৩৪৬ শিশু। এতে ৬-১১ মাস বয়সী ৩৮ হাজার ৯৭৬ শিশু ও ১২-৫৯ মাস বয়সী ২ লাখ ৮০ হাজার ৭৮৩ শিশু এ ক্যাপসুল পাবে।
জেলা সিভিল সার্জন মোহাম্মদ আবু হাসান শাহীন বলেন, ২৮ জুন একযোগে সারাদেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু হবে। লক্ষ্মীপুরে ১৪৮০টি কেন্দ্রে নির্দিষ্ট বয়সী শিশুদেরকে ক্যাপসুল খাওয়ানো হবে। এতে স্বাস্থ্য সহকারীসহ ৩ হাজার ৫৬৮ জন জনবল কাজ করবেন। দায়িত্বে থাকবেন ১৯৪ জন সুপারভাইজার।

