ঢাকা মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

ইউল্যাবে ইউএস–বাংলাদেশ ইনোভেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুন ২৩, ২০২৬, ০৭:২৪ পিএম
ছবি : সংগৃহীত

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এবং যুক্তরাষ্ট্র দূতাবাস, ঢাকার যৌথ উদ্যোগে ‘টেক ফর টুমরো: ইউএস–বাংলাদেশ ইনোভেশন ওয়ার্কশপ’ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ জুন) ইউল্যাব ক্যাম্পাসে অনুষ্ঠিত এ কর্মশালায় মূল বক্তব্য উপস্থাপন করেন যুক্তরাষ্ট্র দূতাবাসের ফরেন সার্ভিস অফিসার ববিতা কুরুভিলা। তিনি উদ্ভাবন, দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক প্রযুক্তি, বাংলাদেশ–যুক্তরাষ্ট্র প্রযুক্তিগত সহযোগিতা এবং ভবিষ্যতের সম্ভাবনাময় প্রযুক্তি খাত নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন।

কর্মশালায় প্রযুক্তিনির্ভর অংশীদারিত্ব ও জ্ঞান বিনিময়ের মাধ্যমে টেকসই উন্নয়ন, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং বৈশ্বিক অগ্রগতির সম্ভাবনা তুলে ধরা হয়। এ সময় ইউল্যাবের শিক্ষার্থীরাও তাদের বিভিন্ন উদ্ভাবনী ধারণা উপস্থাপন করেন।

যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে যুক্তরাষ্ট্র দূতাবাসের ‘ফ্রিডম ২৫০’ উদ্যোগের অংশ হিসেবে এ কর্মশালার আয়োজন করা হয়।

ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ড. শামসাদ মর্তূজা বলেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ সৃষ্টি করে, প্রযুক্তিগত অগ্রগতি সম্পর্কে তাদের দৃষ্টিভঙ্গিকে সমৃদ্ধ করে এবং দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক বাস্তবতায় নিজেদের দক্ষ হিসেবে গড়ে তুলতে সহায়তা করে।

কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় ও দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের বৈশ্বিক অভিজ্ঞতা অর্জন এবং প্রযুক্তিগত জ্ঞান, সমালোচনামূলক চিন্তাশক্তি ও সহযোগিতামূলক দক্ষতা বিকাশে ইউল্যাবের চলমান প্রচেষ্টার অংশ হিসেবে এ কর্মশালার আয়োজন করা হয়েছে।