ঢাকা শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

বিশ্বব্যাংকের প্রকল্পে ইউএনওর কঠোর বার্তা, গুণগত মানে কোনো ছাড় নয়

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২৪, ২০২৬, ০৬:০১ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

ঝিনাইদহের শৈলকুপা পৌর এলাকায় বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়নাধীন রেজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP)-এর চলমান উন্নয়নকাজ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুর রহমান।

শুক্রবার (২৪ জুলাই) সকালে তিনি প্রকল্পের আওতায় নির্মাণাধীন বিভিন্ন সড়ক ও ড্রেনের কাজ সরেজমিনে ঘুরে দেখেন। এ সময় তিনি কাজের গুণগত মান, ব্যবহৃত নির্মাণসামগ্রী এবং প্রকল্পের সার্বিক অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের কাছ থেকে বিস্তারিত তথ্য নেন।

পরিদর্শনকালে ইউএনও মাহফুজুর রহমান ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের উদ্দেশে বলেন, উন্নয়নকাজে কোনো ধরনের অনিয়ম, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার কিংবা গাফিলতি কোনোভাবেই বরদাশত করা হবে না। জনগণের অর্থে বাস্তবায়িত প্রতিটি প্রকল্প নির্ধারিত মান বজায় রেখেই সম্পন্ন করতে হবে।

তিনি আরও বলেন, নির্ধারিত সময়ের মধ্যে দ্রুত কাজ শেষ করে সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে কার্যকর ভূমিকা রাখতে হবে। প্রকল্পের প্রতিটি ধাপ নিয়মিত তদারকির আওতায় থাকবে এবং কোথাও অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইউএনওর এ পরিদর্শনকে স্থানীয়রা চলমান উন্নয়নকাজের মান নিশ্চিতকরণ এবং প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার অংশ হিসেবে ইতিবাচক উদ্যোগ বলে মনে করছেন।