ঢাকা শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট-সারসহ আটক ১০

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ২৪, ২০২৬, ০৬:১৮ পিএম
ছবি : সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডের সন্দ্বীপ চ্যানেল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশে নেওয়া বিপুল পরিমাণ সিমেন্ট ও সার জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে জড়িত ১০ জনকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ১টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ড থানাধীন সন্দ্বীপ চ্যানেল সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন ভাটিয়ারীর সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযান চলাকালে সন্দেহজনক একটি ফিশিং বোট ও একটি কার্গো বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ১৪ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ২৪০ বস্তা সিমেন্ট এবং ৩৮০ বস্তা সার জব্দ করা হয়। একই সঙ্গে পাচারকাজে ব্যবহৃত দুটি বোট জব্দ এবং ১০ জন পাচারকারীকে আটক করা হয়।

কোস্ট গার্ড জানিয়েছে, জব্দ করা মালামাল, পাচারকাজে ব্যবহৃত বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, দেশের উপকূলীয় এলাকায় চোরাচালান প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিত অভিযান পরিচালনা করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।