জয়পুরহাটের কালাইয়ে অসহায় ও অসচ্ছল ৩০ জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে হুইল চেয়ার বিতরণ করেছে আল-খায়ের ফাউন্ডেশন বাংলাদেশ।
শনিবার (৪জুলাই) সন্ধ্যায় কালাই বিএনপি কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে হুইল চেয়ার তুলে দেন বাংলাদেশ সরকারের জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী।
‘ব্যালেন্স উইদাউট কমপ্রোমাইজ’ স্লোগানকে সামনে রেখে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করে আল-খায়ের ফাউন্ডেশন বাংলাদেশ।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বলেন, বর্তমান সরকার দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুষম উন্নয়ন নিশ্চিত করতে কাজ করছে। প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নন; প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও সহযোগিতা পেলে তারাও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম।
হুইল চেয়ার পেয়ে উপকারভোগী ও তাদের স্বজনরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন মিসেস নাজমা আরা বারী, কালাই থানা বিএনপির আহ্বায়ক মো. ইব্রাহিম হোসেন, যুগ্ম আহ্বায়ক মো. মওদুদ আলম সরকার, যুগ্ম আহ্বায়ক টুকু চৌধুরী, এপিএস শওকত ওসমান শামীম, মো. তৌফিক হাছান বারী, কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম, ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুত্তারুল আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

