খাগড়াছড়ি জেলা যুবদলের সভাপতি মাহবুবুল আলম সবুজ বলেছেন, মাটিরাঙ্গার মানুষ ১২ ফেব্রুয়ারি সারাদিন ওয়াদুদ ভুইয়াকে ভোট দিয়ে বিপুল জয় নিশ্চিত করবে।
তিনি বলেন, ওয়াদুদ ভুইয়ার নেতৃত্বে গত পাঁচ বছরে যে উন্নয়ন হয়েছে, তা আগের ১৭ বছরে হয়নি। ওয়াদুদ ভুইয়া নির্বাচিত হলে খাগড়াছড়ির কাঙ্খিত উন্নয়ন নিশ্চিত হবে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় ৯নং ওয়ার্ডের বাইল্যাছড়ি মুসলিমপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপি মনোনীত প্রার্থী ওয়াদুদ ভুইয়ার সমর্থনে মাটিরাঙ্গা পৌর যুবদল আয়োজিত উঠান বৈঠকে এসব কথা বলেন।
মাটিরাঙ্গা পৌরসভা যুবদলের আহবায়ক মো. গিয়াস উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল ও খাগড়াছড়ি জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মো. নাসির সিকদার।
এ সময় খাগড়াছড়ি জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক ওয়াজের রহমান ওয়াসিম, মাটিরাঙ্গা পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নারায়ণ ত্রিপুরা, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শহিদুল ইসলাম, সদস্য সচিব শাকিল হোসেন, মাটিরাঙ্গা পৌর ছাত্রদল নেতা শাহিনসহ পৌরসভার ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
এ সময় মাহবুবুল আলম সবুজ বলেন, জননেতা ওয়াদুদ ভুইয়া তার জীবনের ৪০ বছরের বেশি সময় সাধারণ মানুষের কল্যাণে উৎসর্গ করেছেন। তিনি বসন্তের কোকিল নয়, এই জনপদের পরীক্ষিত নেতা। তার হাতেই পাহাড়ের মানুষের নিরাপত্তা ও উন্নয়ন নিশ্চিত হবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন