ঢাকা সোমবার, ২২ জুন, ২০২৬

পণ্যবোঝাই ট্রাক পারাপারে ক্ষতিগ্রস্ত সেতু, দুর্ঘটনার শঙ্কা

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৬, ১০:০৫ এএম
ক্ষতিগ্রস্ত সেতু। ছবি : রূপালী বাংলাদেশ

কিশোরগঞ্জের হোসেনপুর থেকে পাগলা থানা, গফরগাঁও ও ভালুকা অভিমুখী গুরুত্বপূর্ণ সড়কে ব্রহ্মপুত্র নদীর শাখা নদীর ওপর নির্মিত একটি বেইলি ব্রিজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ওই সড়ক দিয়ে যান চলাচল বর্তমানে চরম ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে এবং যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাত আনুমানিক ২টার দিকে অতিরিক্ত পণ্যবোঝাই একটি ভারী ট্রাক ব্রিজটি পার হওয়ার সময় হঠাৎ বিকট শব্দ হয়। এ সময় ব্রিজের এক পাশ দেবে যায় এবং পাটাতনগুলো একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে।

ঘটনার পরপরই ব্রিজের কাঠামোগত দুর্বলতা স্পষ্ট হয়ে ওঠে। স্থানীয়রা আশঙ্কা করছেন, সামান্য চাপ পড়লেই ব্রিজটি সম্পূর্ণভাবে ভেঙে পড়তে পারে।

ক্ষতিগ্রস্ত ব্রিজের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় প্রশাসন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বড় ধরনের দুর্ঘটনা এড়াতে আপাতত সব ধরনের যানবাহন ও পথচারীদের ব্রিজ ব্যবহার না করার নির্দেশ দেন। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ব্রিজের উভয় প্রান্তে লাল ফিতা টানিয়ে ও বাঁশ বেঁধে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

তবে প্রশাসনের নিষেধাজ্ঞা সত্ত্বেও অনেক পথচারী জীবনঝুঁকি নিয়ে ব্রিজ দিয়ে চলাচল করতে দেখা গেছে। বিশেষ করে চরাঞ্চলের মানুষজন বিকল্প কোনো যোগাযোগ ব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে যাতায়াত করছে। ব্রিজটি ক্ষতিগ্রস্ত হওয়ায় নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনাবেচা, চিকিৎসা সেবা গ্রহণ, শিক্ষার্থী ও শ্রমজীবী মানুষের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

স্থানীয় স্কুলশিক্ষক আলাউদ্দিন বলেন, এই ব্রিজটি চরের মানুষের জীবনরেখার মতো। ব্রিজটি নষ্ট হয়ে যাওয়ায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন দিনমজুর ও শ্রমজীবী মানুষ। বিকল্প পথে যেতে হলে অনেক দূর ঘুরে হোসেনপুর বাজারে আসতে হয়। এতে সময় ও অর্থ দুই দিক থেকেই বড় ক্ষতির মুখে পড়তে হচ্ছে।

এ বিষয়ে হোসেনপুর ইউএনও কাজী নাহিদ ইভা বলেন, জননিরাপত্তার কথা বিবেচনা করে আপাতত সব ধরনের যানবাহন ও পথচারীদের ব্রিজ ব্যবহার না করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

বিষয়টি সড়ক ও জনপথ বিভাগের সংশ্লিষ্ট প্রকৌশলীদের অবহিত করা হয়েছে। তারা ব্রিজের অবস্থা মূল্যায়ন করছেন এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।