ঢাকা সোমবার, ২২ জুন, ২০২৬

পৃথক দুটি অভিযানে ভারতীয় পণ্যসহ আটক ৮

২০ লাখ টাকার জিরা লুট, জাসাসের সদস্য সচিব গ্রেপ্তার

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: জুন ২২, ২০২৬, ১০:৪৬ এএম
ছবি- রূপালী বাংলাদেশ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জিরাবাহী গাড়ি ও পণ্য লুটের ঘটনায় জাতীয়তাবাদী সাংস্কৃতিক সামাজিক সংস্থা (জাসাস) পৌর শাখার সদস্য সচিব জাহেদ আলীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। ড্রাইভার ও হেলপারকে অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে প্রায় ২০ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৪ হাজার ৮০০ কেজি জিরা ছিনতাইয়ের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

জানা যায়, সিলেটের জৈন্তাপুর এলাকার ব্যবসায়ী আফজালুর রহমানের ১৬০ বস্তা জিরা কাভার্ডভ্যানযোগে গত মঙ্গলবার (১৬ জুন) বিকেলে শ্রীমঙ্গল শহরের পুরানবাজার এলাকায় পৌঁছায়।

অভিযোগ রয়েছে, জাসাস নেতা জাহেদ আলী ও তার সহযোগীরা ড্রাইভার এবং হেলপারকে প্রাণনাশের হুমকি দিয়ে গাড়িটি নিয়ন্ত্রণে নেয়। পরবর্তীতে শহরতলীর উত্তরসুর এলাকায় ড্রাইভার ও হেলপারকে গাড়ি থেকে জোরপূর্বক নামিয়ে ৪ হাজার ৮০০ কেজি জিরা, ২০ হাজার নগদ টাকা এবং দুটি স্মার্টফোনসহ গাড়িটি লুট করে নিয়ে যায়।

ব্যবসায়ী আফজালুর রহমান জানান, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা এবং ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ার পর শনিবার রাতে তিনি শ্রীমঙ্গল থানায় মামলা দায়ের করেন। এরপর থানা পুলিশ শনিবার (২০ জুন) রাত আড়াইটার দিকে শ্রীমঙ্গল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) বাবলু পালের নেতৃত্বে একটি দল শহরে অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত জাহেদ আলীকে (৩০) গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত জাহেদ আলী শ্রীমঙ্গল শহরের শাহীবাগ এলাকার মৃত নায়েব আলীর ছেলে এবং শ্রীমঙ্গল পৌর জাসাসের সদস্য সচিব।

শ্রীমঙ্গল থানার ওসি সরকার আব্দুল্লাহ আল মামুন জানান, আসামিকে রোববার বিকেলে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেপ্তার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, এর আগে গত বছরের জুলাই মাসে চাঁদাবাজির অভিযোগে জাহেদ আলীকে জাসাসের শ্রীমঙ্গল পৌর শাখার সদস্যসচিব পদ থেকে অব্যাহতি দিয়েছিল সংগঠনটির মৌলভীবাজার জেলা কমিটি। দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও গঠনতন্ত্র পরিপন্থি কর্মকাণ্ডের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।

পৃথক দুটি অভিযানে ভারতীয় পণ্যসহ আটক ৮

অন্যদিকে মৌলভীবাজারের শেরপুর এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ আটজন চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে শেরপুর পুলিশ ফাঁড়ির একটি দল। অভিযানে চোরাচালানে ব্যবহৃত একটি ট্রাক ও একটি যাত্রীবাহী বাস জব্দ করা হয়েছে।

সোমবার (২২ জুন) সকালে মৌলভীবাজার পুলিশ সুপার কার্যালয়ের মিডিয়া সেল থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
গত শনিবার (২০ জুন) রাত ১১টার দিকে শেরপুর চত্বরে এসআই ওবায়দুল্লাহর নেতৃত্বে পুলিশ একটি ট্রাক (যশোর-ট-১১-৫৬৩৭) আটক করে। তল্লাশিতে ট্রাক থেকে ৮ লাখ ৬৫ হাজার ৮২২ টাকা মূল্যের ভারতীয় চকলেট ও মেনটোস জব্দ করা হয়। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করে মৌলভীবাজার সদর থানায় একটি মামলা (নং-২৭) দায়ের করা হয়েছে।

আরেক অভিযানে রোববার (২১ জুন) সকাল ৮টার দিকে শেরপুর চত্বরে চেকপোস্ট বসিয়ে সিলেট থেকে ঢাকাগামী 'কাফি ট্রাভেলস' নামের একটি বাসে (ঢাকা মেট্রো-ব-১২-৫০৯৫) তল্লাশি চালানো হয়। এ সময় বাস থেকে ৩৭২টি ভারতীয় কম্বল জব্দ করা হয়। এ ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করে সদর থানায় আরও একটি মামলা (নং-২৮) রুজু করা হয়েছে।

মৌলভীবাজার পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম জানান, জব্দকৃত মালামাল ও গাড়ির আনুমানিক বাজারমূল্য ২০ লক্ষাধিক টাকা। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান। চোরাচালান প্রতিরোধে মৌলভীবাজার জেলা পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।