ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম বলেছেন, ‘কিশোরগঞ্জ থেকে আমরা কিছু আওয়াজ শুনতে পেয়েছি—বলেছে, এই এলাকায় (কিশোরগঞ্জ-৪) দাঁড়িপাল্লা বিজয়ী হলে তিনি (বিএনপির প্রার্থী ফজলুর রহমান) নাকি বিষ খাবেন। তবে কতটুকু বিষ খাবেন, সেটা প্রমাণ করার জন্য এবার দাঁড়িপাল্লায় ভোট দেওয়া দরকার।’
রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে কিশোরগঞ্জের ইটনা মিনি স্টেডিয়ামে জামায়াতে ইসলামী আয়োজিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘তিনি (ফজলুর রহমান) যে রাজনৈতিকভাবে একজন দেউলিয়া ব্যক্তি, তা জাতির আর জানতে বাকি নেই। ইসলামের বিপক্ষে তার স্পষ্ট অবস্থান রয়েছে। মাদ্রাসার হুজুরদের সে দেখতে পারে না। মাদ্রাসার হুজুরদের দেখলে তার গাত্রদাহ শুরু হয়। তার নাস্তিক বয়ানের কারণে পুরো বাংলাদেশের তাওহীদি জনতা জেগে উঠেছে।’
নূরুল ইসলাম সাদ্দাম বলেন, ‘তিনি যে বেইমানির কথা বলছে, তা বুঝতে হলে দেখবেন—কখনো ছাত্রলীগ, কখনো জাতীয় পার্টি, কখনো স্বতন্ত্র, আবার কখনো বিএনপি। তার নিজের কোনো জায়গা নেই, কোনো আদর্শও নেই। সে একজন আদর্শহীন ও লাঞ্ছিত ব্যক্তি।’
নির্বাচনি জনসভায় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মো. রোকন রেজা শেখ, ডাকসুর ভিপি সাদিক কায়েম, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, রাজনৈতিক সেক্রেটারি অধ্যাপক মো. আজিজুল হক কাজলসহ স্থানীয় ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


